আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন (বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক হাসিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে এনসিপির নির্বাচনী সমঝোতা থাকলেও তিনি জোটের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে এনসিপি নেতা হাসিবুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘প্রথমে আমাদের দল থেকে ৩০০ আসনে মনোনয়ন দেওয়ার কথা ছিল। সে ক্ষেত্রে আমি মনোনয়ন পাব কি না, তা অনিশ্চিত ছিল। দলের ১২৫ জনের প্রাথমিক মনোনয়ন তালিকায় আমার নাম ছিল না। তখনই আমি স্বতন্ত্র প্রার্থী হওয়ার প্রস্তুতি নেই।’
তিনি আরও বলেন, ‘মনোনয়ন কেনার পরই জোটের সিদ্ধান্ত হয়। তখন আমি ইতোমধ্যে মনোনয়নপত্র জমা দিয়ে ফেলেছি। প্রথমে আমার মনোনয়ন বাতিল করা হলেও পরে ১৬ জানুয়ারি বৈধতা পাই। আমি জনপদের মানুষের কথা চিন্তা করে রাজনীতি করি। জনগণ আমাকে ছাড়ছে না।’
দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় দল কোনো ব্যবস্থা নিলে তা মেনে নেবেন কি না— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘দেখা যাক কী হয়, সেটা সেই সময় চিন্তা করা যাবে।’
এদিকে এনসিপির ফরিদপুর জেলা যুগ্ম আহ্বায়ক এস এম আকাশ বলেন, ‘বিষয়টি আমরা কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। জোট আমাদের ৩০টি আসন দিয়েছে, যার মধ্যে ফরিদপুরের কোনো আসন নেই। এই ৩০টির বাইরে যারা নির্বাচন করবেন, তাদের দল থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে। এখনো বহিষ্কার করা হয়নি, তবে বহিষ্কার হতে পারেন।’
