এনসিপি-চসিক উত্তেজনা

মেয়র শাহাদাত বলল জুলাই গ্রাফিতি মুছার নির্দেশনা দেননি তিনি

আপডেট : ১৮ মে ২০২৬, ০১:০২ পিএম

চট্টগ্রাম মহানগরীতে জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে দেওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম সিটি করেপোরেশন (চসিক) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীরা পাল্টাপাল্টি অবস্থান নেয়। এ নিয়ে রবিবার (১৭ মে) রাতভর দুইপক্ষের মধ্যে উত্তেজনার পর সোমবার (১৮ মে) সকালে ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিং নিষিদ্ধ করেছে পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী।

স্থানীয়রা জানায়, নগরীর লালখান বাজার থেকে টাইগার পাস পর্যন্ত ফ্লাইওভারের পিলার ও বিভিন্ন দেওয়ালে দুই হাজার চব্বিশ সালের জুলাই-আগস্টের আন্দোলনের সময় অঙ্কিত কিছু গ্রাফিতি কয়েকদিন আগে রং দিয়ে মুছে দেওয়া হয়। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর তীব্র প্রতিবাদ জানায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এর জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে দায়ী করে ফেসবুকে মেয়র শাহাদাতের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক বক্তব্য প্রচার করে দলটির কতিপয় নেতা। একই সঙ্গে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটায় টাইগার পাস এলাকায় ‘জুলাই গ্রাফিতি অংকন কর্মসূচি’ ঘোষণ দেয়।

এদিকে, এক বিবৃতিতে গ্রাফিতি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়ে মেয়র শাহাদাত হোসেন বলেন, তিনি কোথাও গ্রাফিতি মোছার নির্দেশনা দেননি এবং চসিকও এ ধরনের কোন কর্মসূচি পালন করেনি। চট্টগ্রাম মহানগরকে অশান্ত ও অস্থির করার উদ্দেশ্যে একটি রাজনৈতিক দলের এক বিতর্কিত নেতা মিথ্যা তথ্য ছড়াচ্ছে।

তিনি বলেন, কোথাও জুলাই আন্দোলনের গ্রাফিতি মোছার নির্দেশনা দেননি তিনি। বরং জুলাই আন্দোলনের একজন সম্মুখযোদ্ধা হিসেবে সেই স্মৃতি ধরে রাখতে আর্ট কলেজের শিক্ষার্থীদের দিয়ে পুরো এলাকা সুন্দরভাবে গ্রাফিতি অঙ্কনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এদিকে, গ্রাফিতি নিয়ে রাতভর উত্তেজনার পর সকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী নগরীর জিইসি মোড় হতে দেওয়ান হাট পর্যন্ত প্রধান সড়ক ও আশেপাশের এলাকায় যে কোন ধরণের সভা-সমাবেশ ওছিল-মিটিং নিষিদ্ধ ঘোষণা দিয়ে এক গণবিজ্ঞপ্তি জারি করেছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত