ভোটের দিন তাহাজ্জুদের নামাজ পড়ে যার যার ভোটকেন্দ্রের সামনে ফজরের নামাজ জামাতে আদায় করে ভোট কেন্দ্র খোলার সঙ্গে সঙ্গে লাইনে দাঁড়িয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে নারায়ণগঞ্জে পাচঁরুখির জনসভায় তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, বিএনপি আগামী দিনের বাংলাদেশের জন্য বেশ কিছু পরিকল্পনা করেছে। বেকারত্ব দূর করতে বেকার যুবকদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা, গরিব মানুষকে সহায়তা করতে ফ্যামিলি কার্ড, কৃষকের জন্য কৃষিকাডসহ কৃষকের উন্নয়নের জন্য খালখনন করার কর্মসূচিসহ নানা পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থীদের ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।
তারেক রহমান বিএনপির নেতাকর্মীদের স্লোগান না দিয়ে চুপ থাকার আহ্বান জানিয়ে বলেন, একটি জরুরি কথা আছে। একটি দল, একটি গুষ্টি আছে যারা গ্রামে গ্রামে গিয়ে আমাদের মা-বোনদের কাছ থেকে এনআইডি সংগ্রহ করছে। বিকাশ নম্বর ছাড়া আর কি আছে সেগুলো সংগ্রহ করছে। আপনারা কি খবর পাইছেন। আমাদের মা-বোনদেরকে বিভ্রান্ত করছে, এনআইডি কার্ড সংগ্রহ করছে। বিকাশ নম্বর নিয়ে আসছে। এদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে।
এই সময় তারেক রহমান নারায়ণগঞ্জ ৪ আসনে বিএনপি সমর্থিত জমিয়তে ওলামা ইসলাম দলের প্রার্থী মুফতি মনির হোসেন কাসেমীসহ নারায়ণগঞ্জের চারটি আসনের বিএনপির মনোনীত প্রার্থীদের জন্য ভোট প্রার্থনা করেন।
