ঢাকার কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণ মনে করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুস্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা করছে। দুস্কৃতকারীদের গুলিতে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুরুতর জখম করাসহ আরও কিছু সংখ্যক নেতাকর্মীকে আহত করার ঘটনা সেই পরিকল্পিত অরাজকতারই বহিঃপ্রকাশ।
এসব দুস্কৃতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তির বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠাসহ দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ক্রমবর্ধমান অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে সরকারকে অবশ্যই দেশে ভয়শূন্য পরিবেশ নিশ্চিত করতে হবে।
বিএনপি মহাসচিব বিবৃতিতে হাসান মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীদের ওপর গুলি চালিয়ে তাদের জখমকারী দুস্কৃতকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হাসান মোল্লাসহ আহতদের সুস্থতা কামনাসহ তাদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সহমর্মিতা জানান।
