শ্রমিক-পুলিশ ধাওয়া পাল্টা-ধাওয়া, অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে ৮ দফা দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘঠেছে। এ ঘটনায় শিল্প পুলিশের প্রায় ১০ জন সদস্য আহত হয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সকালে মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত যমুনা ডেনিমস লিঃ কারখানায় এ ঘটনা ঘটে। 

আন্দোলনরত শ্রমিকরা জানান, আমাদের ৮ দফা দাবি ছিলো। কিন্তু কর্তৃপক্ষ তা না মেনে পুলিশ এনে আমাদের উপর টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এতে প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এসময় শ্রমিকেরা ডিরেক্টর কাজলকান্তির পদত্যাগ চান। এছাড়া আরও কিছু দাবি জানান। যেমন, বাৎসরিক ছুটির বকেয়া টাকা ২৫ জানুয়ারির মধ্যে দিতে হবে এবং পরবর্তী বাৎসরিক ছুটির টাকা ডিসেম্বর মাসে দিতে হবে। টিফিন বিল ৫০ টাকা এবং রাত ১০টার পর ডিউটি করানো হলে নাইট বিলের ১৫০ টাকা দিতে হবে। হাজিরা বোনাস হেলপার থেকে অপারেটর সকলকে ১,০০০ টাকা দিতে হবে। ৭ তারিখের ভিতরে বেতন পরিষোধ করতে হবে এবং যদি ৭ তারিখ শুক্রবার হয় তাহলে ৬ তারিখে পরিশোধ করতে হবে। জরুরী প্রয়োজনে ছুটি মঞ্জুর করতে হবে। ফ্লোরে কোন স্টাফ ওয়ারকারের সাথে খারাপ আচরণ এবং বাজে ভাষায় মা, বাপ তুলে গালি গালাজ করতে পারবে না। যদি কোন ওয়ারকার স্টাফদের বিরুদ্ধে রিপোর্ট দেয় তা সরাসরি ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই আনন্দেলনে কোন ওয়ার্কার এবং স্টাফের উপর কোন ধরনের একশন নেওয়া যাবে না এবং চাকরী হতে বহিস্কার করা যাবে না ।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ সকাল ১১ টার সময় মুল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ সাঁটিয়ে দেন। 

পুলিশ জানায় কোন কিছু বুঝে উঠার আগে  উচ্ছৃঙ্খল শ্রমিক রাস্তা অবরোধ করে রাস্তার উপরে অবস্থান করে। পরে শ্রমিকরা পুলিশের সাথে উচ্ছৃঙ্খল আচরণ ও ইটপাটকেল মারলে পুলিশ টিয়ারসেল, সাউন্ড গ্রেনেট ছুড়ে শ্রমিকদেরকে ছত্রভঙ্গ করে । পরে কর্তৃপক্ষ অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করে।

গাজীপুর শিল্প পুলিশ-২ কোনাবাড়ী জোনের পরিদর্শক মো. মোর্শেদ জামান বলেন, উচ্ছৃঙ্খল শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত