আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের অংশ হিসেবে টেকনাফে বিশেষ অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অভিযানে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস, অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নাইট্যং পাড়া এলাকার মো. ইসমাইলের ছেলে মোহাম্মদ জুনায়েদ প্রকাশ মুন্না (২৮) এবং মিয়ানমারের মংডু শহরের পেরানপুরো এলাকার পেরান আলী প্রকাশ বার্মায়া মাস্টার আলীর ছেলে রোহিঙ্গা নাগরিক হামিদ উল্লাহ (৩৭)।
শনিবার ভোররাতে টেকনাফ পৌরসভা নাইট্যং পাড়া মাদক কারবারি জুনাইদের বাড়িতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।
নৌবাহিনী সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪ জানুয়ারি) ভোরে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহকে আটক করা হয়। আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের বসতবাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ শত ৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, একটি একনলা বন্দুক, ৪৭ রাউন্ড তাজা গোলা, দুটি ওয়াকি-টকি এবং আটটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
নৌবাহিনী জানায়, উদ্ধারকৃত মাদক ও অস্ত্র রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করে রাখা হয়েছিল। অভিযান শেষে আটককৃতদের এবং উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
