চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চেম্বারে ডেকে নিয়ে ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মিজানুল হক ক্বারী (৫৫) নামের এক হোমিও চিকিৎসককে আটক করেছে পুলিশ। শনিবার (২৪ জানুয়ারি) বিকালে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকা থেকে তাকে আটক করা হয়।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সৈন্যারটেক এলাকার গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকে ঘটনাটি ঘটে বলে অভিযোগ উঠে।
অভিযুক্ত মিজানুল হক ক্বারী বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় বসবাস করে আসছিলেন। তিনি ওই এলাকায় গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি স্থানীয় একটি মাদরাসায় শিক্ষকতা করেন।
ভুক্তভোগী শিশুর পিতা আবদুর রহিম অভিযোগ করে বলেন, সকালে তার মেয়ে ছোট ভাইকে নিয়ে মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে তার চেম্বারে নিয়ে যান।
পরে মেয়েটি ঘরে ফিরে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা তা জানতে পারেন। তিনি এ ঘটনার ন্যায় বিচার দাবি করেন।
এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
