সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশজুড়ে অভিযানে এক সপ্তাহে ১৪০০০ এর বেশি অবৈধ প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের তথ্যমতে, জানুয়ারি ১৫ থেকে ২১ তারিখ পর্যন্ত পরিচালিত অভিযানে সারা দেশে প্রায় ১৮২০০ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১৪০০ জন আবাসন আইন ভঙ্গের দায়ে, প্রায় ৪০০০ জন সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে এবং প্রায় ২৮০০ জন শ্রম আইন ভঙ্গের কারণে আটক হন।
অভিযানকালে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টাকালে ১৭৬২ জনকে আটক করা হয়। তাদের মধ্যে প্রায় অর্ধেক ইয়েমেনি নাগরিক এবং অর্ধের বেশি ইথিওপিয়ার নাগরিক। এছাড়া অবৈধ পথে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ৪৬ জনকে আটক করা হয়েছে।
এ সময় অবৈধ অভিবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার অভিযোগে ১১ জনকে গ্রেপ্তার করা হয়।
বর্তমানে আবাসন, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ২৫০০০ এর বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আইনগত ব্যবস্থার অংশ হিসেবে অনেককে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে ভ্রমণ নথি সংগ্রহের জন্য। এরই মধ্যে ১৪৪৫১ জনকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ, পরিবহন, আশ্রয় বা কর্মসংস্থানে সহায়তা করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে। এসব অপরাধের জন্য দীর্ঘমেয়াদি কারাদণ্ড, বড় অঙ্কের জরিমানা, যানবাহন বা সম্পত্তি জব্দ এবং অপরাধ প্রকাশ্যে ঘোষণার বিধান রয়েছে।
