ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনে জোটের সিদ্ধান্ত অনুযায়ী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিম মনোনয়নপত্র প্রত্যাহার না করায় নিজেই নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী।
এনিয়ে রবিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ভোলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠন করেন জেলা সভাপতি মো. বশির আহমেদ।
তিনি বলেন, ভোলা-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ফজলুল করিম দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও ত্যাগের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। তার এই নিরলস প্রচেষ্টা ও জনগণের প্রতি দায়বদ্ধতাকে সম্মান জানিয়ে ১০ দলীয় জোটের ঐক্য অটুট রাখার লক্ষ্যে এলডিপির প্রার্থী স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। ব্যক্তিগত প্রাপ্তির চেয়ে জোটের বৃহত্তর স্বার্থই আমাদের কাছে অগ্রাধিকার। ১০ দলীয় জোটের নেতারা মোকফার উদ্দিন চৌধুরীর এই সিদ্ধান্তকে রাজনৈতিক ত্যাগ, দায়িত্ববোধ ও সৌজন্যের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করেছেন বলে দাবি করা হয়।
তবে সংবাদ সম্মেলনে এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী উপস্থিত না থাকায় প্রেস বিজ্ঞপ্তিতে তার পক্ষে জেলা সভাপতির স্বাক্ষর করেন ও লিখিত বক্তব্য পাঠ করেন।
এবিষয়ে জামায়াতে ইসলামীর ভোলা জেলা সেক্রেটারি মাওলানা হারুন অর রশিদ বলেন, আমাদের কেন্দ্র্রীয় সিদ্ধান্ত ছিল ভোলা-২ আসন থেকে আমরা প্রার্থীতা প্রত্যাহার করবো। কিন্তু খবর পেলাম রবিবার বিকেল সংবাদ সম্মেলন করে এলডিপি প্রার্থী নাকি মনোনয়ন প্রত্যাহার করেচে। তারা নাকি আমাদের প্রার্থীকে সমর্থন দেবে। এলডিপি না করলেও আমার প্রার্থীতা প্রত্যাহার করতাম।
