বাসযাত্রায় অচেতন প্রবাসী টাকা-পাসপোর্ট লুট

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৪৬ এএম

দীর্ঘ ১৭ মাস পর সৌদি আরব থেকে দেশে ফিরে প্রবাসী মহিউদ্দিন (৪৫) রহস্যজনক ঘটনার শিকার হয়েছেন। অচেতন অবস্থায় তিনি এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মহিউদ্দিন ঝিনাইদহ জেলার ভড়ূয়াপাড়া গ্রামের মৃত জাহার আলী ম-লের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রবাসী মহিউদ্দিন গত শনিবার রাত আনুমানিক ১১টার দিকে বাংলাদেশে পৌঁছান। গতকাল রবিবার সকাল ৮টায় মাগুরা শ্বশুরবাড়ির উদ্দেশে সোহাগ পরিবহনের একটি বাসে ওঠেন তিনি। বাসে ওঠার পর তার সঙ্গে অন্য এক ব্যক্তি যাত্রী হিসেবে ছিলেন, যিনি নিজেকে মালয়েশিয়া প্রবাসী বলে পরিচয় দেন। বিকেল ৩টার দিকে বাসের সুপারভাইজার ও হেলপার মহিউদ্দিনকে অচেতন অবস্থায় উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে তার সঙ্গে থাকা ওই অপরিচিত ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যায়নি। বাসসংশ্লিষ্টদের দাবি, ওই ব্যক্তি মধুখালী এলাকায় নিজের লাগেজপত্র নিয়ে বাস থেকে নেমে যান।

মহিউদ্দিনের স্ত্রী সুমি জামান জানান, রাতে বাংলাদেশে পৌঁছানোর পর এবং সকালে বাসে ওঠার সময় তার স্বামীর সঙ্গে ফোনে কথা হয়েছিল। দুপুর আনুমানিক ১টার দিকে ফোনে যোগাযোগের চেষ্টা করলে আর তাকে পাওয়া যায়নি। তিনি ধারণা করেছিলেন, দীর্ঘ ভ্রমণের কারণে হয়তো তার স্বামী ঘুমিয়ে আছেন। কিন্তু বিকেল ৩টার দিকে হাসপাতাল থেকে ফোন পেয়ে তিনি জানতে পারেন, তার স্বামী অচেতন অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি জানান, মহিউদ্দিনের কাছে নগদ প্রায় লক্ষাধিক টাকা, বিদেশ থেকে আনা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র এবং তার পাসপোর্ট ছিল। এসব মালামাল ওই অপরিচিত ব্যক্তি নিয়ে গেছে বলে পরিবারের অভিযোগ। বর্তমানে প্রবাসী মহিউদ্দিন মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি মো. আশিকুর রহমান বলেন, আমরা ঘটনাটি শুনেছি। এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত