আইনশৃঙ্খলা কমিটির সভা

কালিয়াকৈরে লুণ্ঠিত অস্ত্র উদ্ধার না হওয়ায় উদ্বেগ

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৬:২০ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে বন অফিসের লুন্ঠিত ১২টি আগ্নেয়াস্ত্র ৮২৪ রাউন্ড গুলি প্রায় দেড় বছরেও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না– সে বিষয়ে সদুত্তর দিতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে এ জন্য সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় উপস্থিত অনেকে। 

এলাকাবাসী, বনবিভাগ ও আইনশৃঙ্খলা কমিটির সভা সূত্রে জানা গেছে, সোমবার সকালে কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল হোসাইনের সভাপতিত্বে সভায় আইনশৃঙ্খলা বিষয়ক বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার ফাহিম শাহরিয়ার, গাজীপুর ১ সংসদীয় এলাকায় দায়িত্বরত মেজর তানজিনা আক্তার, কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যানসহ কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের কর্মরত সাংবাদিক বৃন্দ। 

সভায় বক্তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন আলোচনা করেন। এর মধ্যে মাদকের বিস্তার ও বন অফিসের বন অফিসের লুন্ঠিত ১২টি আগ্নেয়াস্ত্র ৮২৪টি গুলি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা হয়। 

গত ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সারা দেশে আনন্দ মিছিল করে জনতা। এমন একটি বিজয় মিছিল নিয়ে একদল লোক ওইদিন বিকেল ৩টার দিকে উপজেলার চন্দ্রা এলাকায় কালিয়াকৈর রেঞ্জ ও চন্দ্রা বিট অফিসে প্রবেশ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মিছিলকারীরা ওই দুটি বন অফিসে ভাংচুর ও আসবাবপত্র, কাগজপত্রসহ বিভিন্ন মালামাল, একটি গাড়ি ও ৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। এক পর্যায়ে তারা অফিসে থাকা ৪টি শটগান, ৮টি রাইফেলসহ ৮২৪ রাউন্ড গুলি লুট করে। এর মধ্যে এ ঘটনার প্রায় দেড় বছর হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। 

এ নিয়ে শঙ্কা, নির্বাচন কেন্দ্রিক প্রতিষ্ঠানে ভোটের আগে আক্রমণ হতে পারে। এ জন্য এখানে বাড়তি নিরাপত্তা দিতে হবে। কিন্তু এসব অস্ত্র কেন উদ্ধার হচ্ছে না– সে বিষয়ে সদুত্তর দিতে পারেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ জন্য সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা ও উদ্বেগ প্রকাশ করেছে উপজেলা আইনশৃঙ্খলা কমিটি ও মাসিক সমন্বয় সভায় উপস্থিত অনেকে।

সভায় গাজীপুর ১ সংসদীয় এলাকায় দায়িত্বরত মেজর তানজিনা আক্তার জানান, নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রতিদিন টহলে ব্যবস্থা হচ্ছে। নির্বাচনের আগে আরও টহলের সংখ্যা বাড়ানো হবে। যারা আইনশৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করবে, তাদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে  ব্যক্তিগত আক্রোশে কোনো মিথ্যা তথ্য সরবরাহ না করার অনুরোধ করেন তিনি।

এসময় কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, আমি এ থানায় নতুন এসেছি। এ কারণে বিগত ৫ আগস্টে বন অফিস থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ৮২৪ রাউন্ড গুলি লুণ্ঠনের বিষয়টি আমার জানা ছিল না। আজকে যেহেতু জেনেছি, সেহেতু এসব অস্ত্র উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও মাদকের বিষয়ে এ মাসে মাদকের বিষয়ে ১২টি মামলা হয়েছে। তবে গত মাসের তুলনায় এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো।

সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল হোসাইন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত দিন সার্বক্ষণিক কাজ করা হচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মেসি, হাসপাতাল, অবৈধ মাটি ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা চলমান রয়েছে। এছাড়াও নির্বাচন উপলক্ষে সরকারের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে সবার সহযোগিতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত