পঞ্চগড়ে অবৈধ চা জব্দ, মালিককে ১ মাসের কারাদণ্ড

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৪ পিএম

বাংলাদেশ চা বোর্ডের বাংলাদেশ টি এবং দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে চা মোড়কজাত এবং বিক্রয়ের অপরাধে সোমবার  (২৬ জানুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার হোটেল বড়বিল্লা এন্ড কাঁচা পাতা চা হাউস নামক প্রতিষ্ঠানের মালিক মো. হাফিজুর রহমানকে ১ (এক) মাসের কারাদণ্ড দিয়েছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত।

সোমবার তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন। এসময় প্রায় ৪৫ কেজি ব্লাক টি, ৭ কেজি গ্রিন টি, ১২ কেজি নকল খালি প্যাকেট, ১টি সিলার মেশিন এবং ১ টি মোবাইল ফোন সেট জব্দ করা হয়।
অবৈধ চা ব্যবসা বন্ধ, চা ব্যবসায় নানা অনিয়ম এবং সরকারের রাজস্ব ফাঁকি প্রতিরোধে পঞ্চগড়ের বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠান ও বটলিফ চা কারখানায় জেলা প্রশাসনের সহায়তায় আজ দিনব্যাপী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ বিষয়ে মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন, চা বোর্ডের লাইসেন্স না নিয়ে অবৈধভাবে ব্যবসা করছে বিভিন্ন প্রতিষ্ঠান। এছাড়া চা বোর্ড এর 'বাংলাদেশ টি' ব্র্যান্ড সহ দেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক নকল করে  কিছু অসৎ ব্যবসায়ী দেশের বিভিন্ন প্রান্তে ব্যবসা পরিচালনা করছে। এসব অনিয়ম প্রতিরোধে পঞ্চগড়ে মোবাইল কোর্ট পরিচালনা করছে চা বোর্ড। এ ধরণের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, জনসংযোগ কর্মকর্তা মো: রাজিবুল হাসান এবং তেতুলিয়া থানার পুলিশ সদস্যরাও এসময় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত