আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভোটগ্রহণ, গণনাসহ নানা ক্ষেত্রে ষড়যন্ত্রের আশঙ্কা করে আসছে বিএনপি। এমন আশঙ্কার বিষয়টি সামনে রেখে দলটির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে বলেছেন। একই সঙ্গে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দলটির নেতারা বলছেন, এবার সকালে ভোটগ্রহণ শুরু হবে। একজন ভোটারকে দুটি ভোট দিতে হবে। তাতে সময় বেশি লাগবে। এমন হতে পারে সবাই ভোট দেওয়ার সুযোগ নাও পেতে পারেন। তাই সব হিসাবনিকাশ করে দলের চেয়ারম্যান আগেভাগে ভোট দিতে কেন্দ্রে যেতে বলেছেন।
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দেশ রূপান্তরকে বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র মোকাবিলায় দলের চেয়ারম্যান নির্দেশনা দিয়েছেন। নেতাকর্মীরা সেই নির্দেশনা মানবেন। দীর্ঘদিন দেশের মানুষ ভোট দিতে পারেননি। এবার যাতে ভোট দিতে পারেন এবং ভোটারদের মতামতের প্রতিফলন যাতে ফলাফলে আসে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখবে বিএনপি।
সকাল থেকে ভোটকেন্দ্রে যাওয়ার যে নির্দেশনা দলটির চেয়ারম্যান দিয়েছেন, তার কারণ সম্পর্কে জানতে চাইলে ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘নির্বাচনী মাঠে এবার আওয়ামী লীগ নেই। আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এবার লড়াই হবে জামায়াত প্রার্থীদের সঙ্গে। বিভিন্ন সময় দেখা গেছে, জামায়াতের নেতাকর্মীরা ফজরের নামাজ পড়েই সমাবেশ থাকলে তাতে যোগ দেন। কিন্তু আমাদের বিএনপি নেতাকর্মীরা আরাম-আয়েশ করে আস্তে-ধীরে জনসভায় যোগ দিতে আসেন। এমন বাস্তব অভিজ্ঞতার আলোকে চেয়ারম্যান নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়েছেন।’
গত ২৯ নভেম্বর রাজধানীতে নির্বাচন কমিশন (ইসি) মক ভোটিংয়ের আয়োজন করে। এই ভোটিংয়ের তথ্য বলছে দুটি ভোট দিতে গিয়ে সময় বেশ বেড়ে যাচ্ছে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ তখন সাংবাদিকদের জানিয়েছিলেন, একজন ভোটার গড়ে ৩ মিনিট ৫২ সেকেন্ড নিচ্ছেন। যারা ব্যালট না পড়ে সরাসরি ভোট দেন, তাদের লাগে প্রায় ২ মিনিট। আর যারা ব্যালট পড়ে বুঝে সিদ্ধান্ত নেন, তাদের লাগে ৭ থেকে ৮ মিনিট।
ইসির সিনিয়র সচিব আখতার হোসেন গতকাল সোমবার সাংবাদিকদের বলেছেন, এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের দুটি ব্যালটে ভোট দিতে হবে। পাশাপাশি এবার সারা দেশে প্রার্থীর সংখ্যাও বেশি। ফলে ভোটগ্রহণ এবং গণনা উভয় ক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা বেশি সময় লাগতে পারে।
ইসি সচিবের তথ্যমতে, গত রবিবার রাত পর্যন্ত প্রার্থীসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ জনে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ২৪৯ জন এবং নারী প্রার্থী ৭৬ জন। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৮৮ জন প্রার্থী দিয়েছে। সবচেয়ে বেশি ১৫ জন প্রার্থী রয়েছেন ঢাকা-১২ আসনে এবং সর্বনিম্ন দুজন প্রার্থী পিরোজপুর-১ আসনে।
এদিকে ভোটসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, অন্য সময় একইদিন একটি মাত্র ভোট হয়। এবার সংসদ নির্বাচনে দুটি ব্যালটে ভোট দিতে হবে ভোটারদের। একজন ভোটারকে দুটি ভোট দিতে সময় লাগতে পারে ২ থেকে ৪ মিনিট। যদি এভারেজ ৩ মিনিট করে ধরা হয়, তবে বুথ ও মিনিটি হিসাবে মাত্র ৪ দশমিক ৪ কোটি মানুষ ভোট দিতে পারবে। এবার নির্বাচনের হিসাবটি এমন ভোটগ্রহণের সময় সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা। সময় ৯ ঘণ্টা মানে ৫৪০ মিনিট। ভোটকেন্দ্র ৪২,৭৬১টি, ভোটকক্ষ : ২ লাখ ৪৫ হাজার। জনপ্রতি ৩ মিনিট লাগলে ৪ কোটি ৪১ লাখ মানুষ ভোট দিতে পারবে। অথচ নির্বাচনে ভোটার ১২ কোটি ৭৭ লাখ, এর ৮০ ভাগ কাস্ট হলে ১০ কোটি ২১ লাখ, ৭০ শতাংশ কাস্ট হলে ৮ কোটি ৯৪ লাখ, মানে ৯ কোটি ভোট কাস্ট হতে পারে। এবার তরুণ ভোটের সংখ্যা ৫/৬ কোটি, এরা ৯০ ভাগ ভোট দিতে আসবে। তাহলে যে বুথ মিনিট আছে, তা দিয়ে ৯ থেকে সাড়ে ১০ কোটি ভোটের অর্ধেক ভোট কাস্ট করা সম্ভব। বাকি অর্ধেক কী করে কাস্ট হবে?
সিনিয়র সচিব (পিআরএল) শামসুল আলম দেশ রূপান্তরকে বলেন, এবারের নির্বাচনে ভোটগ্রহণ করতে সময় বেশি লাগবে। ৭০ থেকে ৮০ শতাংশ ভোটগ্রহণ করতে হলে রাতে হতে পারে। অধিকসংখ্যক ভোটগ্রহণের স্বার্থে নির্বাচন কমিশন বেশি সময় বরাদ্দের বিষয়টি বিবেচনায় রাখতে পারে।
গত ১৩ ডিসেম্বর ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি, ভোটগ্রহণ পদ্ধতি ও ভোটদানের প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পরিপত্র জারি করেছে। ২০২৬-এর ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটের প্রশ্ন, ভোটদানের সময়, রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ, ভোটগ্রহণ পদ্ধতি নির্ধারণ, ফল প্রকাশসহ বিভিন্ন বিষয়ে ইসি এই পরিপত্র জারি করেছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও দল গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল দেশ রূপান্তরকে বলেন, ‘সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হবে। সময়টা খুব সকাল। ফজরের নামাজ শেষ করতে করতে সাড়ে ৬টা বেজে যায়। বিএনপির সঙ্গে যখন জোটগতভাবে কর্মসূচি হয়েছে, তখন দেখা গেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা আগেভাগে এসে মঞ্চের পাশে বসে যেতেন। এ নিয়ে বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ঝগড়া পর্যন্ত হয়েছে। অতীতের অভিজ্ঞতা থেকে বলা যায়, দেখা যাবে জামায়াত নেতাকর্মীরা আগেভাগে গিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। ঘুরে-ফিরে তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করবেন। এ পরিকল্পনা বাস্তবায়নে সহযোগিতা করতে পারে ভোটকেন্দ্রে থাকা ইসলামি ব্যাংকসহ তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন, যারা প্রিসাইডিং অফিসার হিসেবে থাকবেন। তারা যাতে কোনো ধরনের ষড়যন্ত্র না করতে পারেন, সেজন্য দলের চেয়ারম্যান নেতাকর্মীদের এমন নির্দেশনা দিয়ে থাকতে পারেন বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘গুঞ্জন রয়েছে, ঢাকার বাইরে থেকে জামায়াত নেতাকর্মীরা ঢাকায় আসবেন। ইতিমধ্যে ঢাকা-১৭ আসনে জামায়াতে ইসলামীর এক প্রার্থী হুমকি দিয়েছেন। তাই সবকিছু বিবেচনায় নিয়ে বিএনপি চেয়ারম্যান নেতাকর্মীদের সতর্ক করেছেন। প্রতিপক্ষের অপকৌশল ঠেকাতে বিএনপি পাল্টা পরিকল্পনা তৈরি করছে।’
গণভোট অনুষ্ঠানের সময়সূচি ও গণবিজ্ঞপ্তি : ‘গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন কমিশন ভোটগ্রহণের সময়সূচি উল্লেখ করে ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তি অনুসারে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একই দিন, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি হবে। ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত, একই সঙ্গে বিরতিহীনভাবে হবে।’
এদিকে গত রবিবার চৌদ্দগ্রাম খেলার মাঠে তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে বলেন, ‘যেদিন ভোট, সেদিন তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। তাহাজ্জুদের নামাজ পড়ে যে যার ভোট কেন্দ্রের সামনে যাবেন। ওখানে গিয়ে সবাই মিলে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ জামাতে পড়ে একদম ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে যাবেন।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আপনারা ধানের শেষে ভোট দিচ্ছেন, কেউ যেন কোনো ষড়যন্ত্র করতে না পারে। একদম ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দেবেন, বাক্স পাহারা দিতে হবে; ভোটকেন্দ্র পাহারা দিতে হবে, যেন কেউ এদিক-ওদিক করতে না পারে, ভোট ষড়যন্ত্র করতে না পারে। বোঝা গেছে ভাই কথা।’
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেছেন, সংসদ নির্বাচন ও গণভোটের কারণে এবার ভোট গণনায় সময় লাগবে বেশি। বিএনপি নেতারা আশঙ্কা ব্যক্ত করে বলেন, এবার একজন ভোটারকে দুটি ভোট দিতে হবে। এতে সময় লাগবে বেশি। যদিও ভোটগ্রহণের সময় বাড়ানো হয়েছে মাত্র এক ঘণ্টা। এ সময় ভোটগ্রহণ সম্পন্ন করে গণনায় সময় বেশি লাগবে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স দেশ রূপান্তরকে বলেন, ‘সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে, প্রবাসীদের ব্যালট নিয়ে ষড়যন্ত্র হয়েছে। ভোটগ্রহণের সময়ও নানা ধরনের ষড়যন্ত্র হওয়ার আশঙ্কা রয়েছে। দেখা যাবে জামায়াত নেতাকর্মীরা ভোটকেন্দ্রে গিয়ে আগেভাগে লাইনে দাঁড়িয়ে ভোটগ্রহণের সময় নষ্ট করতে পারেন। এগুলো যাতে করতে না পারেন, সেজন্য দলের চেয়ারম্যান নেতাকর্মীদের আগেভাগেই ভোটকেন্দ্রে গিয়ে ফজরের নামাজ পড়তে বলেছেন। শুধু তাই নয়, ভোট গণনা শেষ হলে ফল নিয়ে ভোটকেন্দ্র ত্যাগ করতে হবে।’
