কক্সবাজারের টেকনাফে নাফ নদীর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর বিশেষ অভিযানে ৪০ হাজার ইয়াবা ও ১৪৭ রাউন্ড গুলিসহ নাজিম উদ্দিন প্রকাশ লালু (১৭) নামে একজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আবুল বশরের ছেলে।
সোমবার (২৬ জানুয়ারি) রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিওপি সংলগ্ন নাফ নদীর জাদিমুরার নেচারপার্ক এলাকার বাংলাদেশের জলসীমা থেকে এসব ইয়াবা ও গোলাবারুদ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক (২ বিজিবি ) লেঃ কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া।
তিনি জানান, কুয়াশার সুযোগ নিয়ে মায়ানমার থেকে নাফ নদী দিয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচারের চেষ্টা করা হতে পারে এমন গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় স্থল ও নৌ টহল জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় রাত ২টা ১০ মিনিটে দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নাফ নদীর মধ্যে এক ব্যক্তিকে সাঁতরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। এসময় আটক ব্যক্তির কাছ থেকে ভাসিয়ে আনা দুটি প্যাকেট জব্দ করা হয়। প্যাকেট দুটি তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৪৪ রাউন্ড ভারী অস্ত্রের গুলি এবং ৩ রাউন্ড ক্ষুদ্রাস্ত্রের গুলি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ইয়াবা, গুলি ও আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান বিজিবির অধিনায়ক।
