টেলিগ্রামে বিদেশি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিনিয়োগের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বিপুল অর্থ আত্মসাতের ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত সোমবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থেকে আসামি রণজিত বসাক রওনক এবং দিনাজপুরের সুইহারী থেকে পলাশ চন্দ্র বসাক গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার সিআইডির ঢাকা মেট্রো-পূর্বের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) রেজাউল করিম মাসুদ এ তথ্য জানান। তিনি বলেন, এর আগে চক্রের মূলহোতা ফারদিন আহমেদ ওরফে প্রতীক ও তার সহযোগী সাগর আহমেদকে গ্রেপ্তার করে সিআইডি। পরে তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সেখানে রওনক ও পলাশের নাম বলেন। তাদের দেওয়া তথ্যে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের গত বছরের সেপ্টেম্বরে পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসএসপি জানান, চক্রটি দীর্ঘদিন টেলিগ্রাম অ্যাপে ‘বিদেশি বিনিয়োগ প্ল্যাটফর্ম’ ও অন্যান্য নামে ভুয়া গ্রুপ খুলে অল্পতে অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণা করে আসছে। কেউ গ্রুপে যুক্ত হলে সেখানে আগে থেকেই যুক্ত কিছু সদস্য বিনিয়োগ করে কীভাবে স্বল্প সময়ে অধিক লাভ করেছেÑ এমন সাজানো পোস্ট দিতেন। এসব সদস্যই ছিল চক্রের সক্রিয় সহযোগী এবং পোস্টগুলো ছিল সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।
