টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ৬ কৃষককে অপহরণ

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:০১ এএম

কক্সবাজারের টেকনাফে পাহাড়ঘেঁষা এলাকা থেকে স্থানীয় ছয়জন কৃষককে অপহরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে হোয়াইক্যং ইউনিয়নের মিনাবাজার কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে।

অপহৃতরা সবাই হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তাঁদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জমির (৩২), শফি আলম (১৩), মোহাম্মদ আলম ওরফে মাহাত আলম (১৮), জাহিদ হোসেন ওরফে মুন্না (৩০), মোজাহের (৬০) এবং মোস্তাক (১২)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অপহৃত কৃষকেরা পাহাড়ের পাদদেশে দিনমজুর হিসেবে কাজ করছিলেন। এ সময় একটি সশস্ত্র দল সেখানে এসে তাঁদের জিম্মি করে পাহাড়ের ভেতরের দিকে নিয়ে যায়।

অপহৃত মোহাম্মদ আলমের বাবা এজাহার হোসেন বলেন, ‘আমার ছেলে প্রতিদিনের মতো মাঠে কাজ করতে গিয়েছিল। হঠাৎ পাহাড়ি অস্ত্রধারীরা এসে সবাইকে জিম্মি করে ধরে নিয়ে গেছে। আমরা চরম উদ্বেগে আছি।’

এ বিষয়ে টেকনাফের হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক খোকন চন্দ্র রুদ্র জানান, মিনাবাজার কোনাপাড়া পাহাড়ি এলাকা থেকে ছয়জন কৃষক অপহরণের তথ্য পাওয়া গেছে। তাঁদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত