ইরাকের সহায়তা বন্ধের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি আবার ক্ষমতায় ফিরলে ইরাকের প্রতি সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করে দেওয়া হবে। আল-মালিকির সম্ভাব্য প্রত্যাবর্তনকে তিনি ইরাকের জন্য বড় ধরণের ভুল সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, আল-মালিকির শাসনামলে ইরাক চরম দারিদ্র্য ও বিশৃঙ্খলায় ডুবে গিয়েছিল। তার দাবি, আল-মালিকি পুনরায় ক্ষমতায় এলে দেশটি আবারও অস্থিতিশীলতার মুখে পড়বে। তিনি আরও বলেন, ইরানঘনিষ্ঠ হিসেবে পরিচিত আল-মালিকি যদি আবার প্রধানমন্ত্রী হন, তবে যুক্তরাষ্ট্র ইরাককে আর কোনো সহায়তা দেবে না। 

ইরাকের প্রভাবশালী শিয়া জোট 'কো-অর্ডিনেশন ফ্রেমওয়ার্ক' আল-মালিকির প্রার্থিতার পক্ষে সমর্থন ঘোষণার পর ট্রাম্পের এই মন্তব্য আসে। নভেম্বরের সংসদ নির্বাচনের পর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সরকার গঠনে ব্যর্থ হলে রাজনৈতিক অচলাবস্থা আরও ঘনীভূত হয়। 
 
২০০৬ সাল থেকে দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকা আল-মালিকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই সাম্প্রদায়িক পক্ষপাতের অভিযোগ এবং তেহরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের সমালোচনা করে আসছে। ২০১৪ সালে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ইসলামিক স্টেটের উত্থানের প্রেক্ষাপটে তার নেতৃত্বের ওপর আস্থা হারায় ওয়াশিংটন।

ট্রাম্পের এই সতর্কবার্তা ইরাকে ইরানের প্রভাব বাড়ছে—এমন উদ্বেগে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান উদ্বেগকে আরও স্পষ্ট করে তুলেছে। সাম্প্রতিক সময়ে মার্কিন কর্মকর্তারাও বাগদাদকে ইরানঘনিষ্ঠ সরকার গঠনের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত