রাজধানীতে টয়লেট থেকে পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৪:৫২ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতরে টয়লেট থেকে ঝুলন্ত অবস্থায় এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম শফিকুল ইসলাম (৪২)।

আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রাবাড়ী থানা পুলিশ উদ্ধার মরদহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। 

সুরতহাল প্রতিবেদনে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউসার হোসেন উল্লেখ করেন, বুধবার ভোর রাত সাড়ে ৩টা থেকে সকাল ৮টা ২৫ মিনিটের মধ্যে যেকোনো সময় যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ভেতরের টয়লেটে লোহার অ্যাঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ওই পুলিশ কনস্টেবল। পরবর্তীতে খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে, তিনি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। 

এদিকে মৃত শফিকুল ইসলামের ভাগিনা মো. আলআমিন জানান, তার মামার বাড়ি চাঁদপুরের মতলব উত্তর থানা এলাকায়। বুধবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে তার মৃতদেহ প্রথমে রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে চাঁদপুরে নিয়ে যাওয়া হবে। বৃহস্পতিবার সকাল দশটার দিকে মরদেহের দাফনের কথা রয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত