জামায়াত আমিরের পক্ষে ভোট চাইলেন তার সহধর্মিণী

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম

দেশপ্রেমিক শক্তির হাতে দেশ পরিচালনার দায়িত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. আমেনা বেগম। তিনি দেশের নারীদের যারা দেশপ্রেমিক, তাদের হাতে ভোট দেয়ার জন্য অনুরোধ করেন।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর মনিপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এক মহিলা সমাবেশে তিনি এ কথা বলেন। ডা. আমেনা বলেন, যাদের হাতে দেশ নিরাপদ, সেই দেশপ্রেমিক শক্তিকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।

একই সমাবেশে জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি নুরুন্নেসা সিদ্দীকা বলেন, আমরা এক স্বৈরাচারের হাত থেকে মুক্ত হয়ে আরেক স্বৈরাচারের হাতে বন্দি হতে চাই না। যারা নির্বাচনের আগে নারীদের গায়ে হাত তুলছে, ভোটের পরও নারীরা তাদের কাছে নিরাপদ নয়।

তিনি আরও হুঁশিয়ার করে বলেন, কারচুপি ও প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ভোটে জালিয়াতি করলে হাসিনার চেয়েও খারাপ পরিণতি হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত