ফরিদপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৫:৫০ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদানের পর বিএনপি প্রার্থীর নির্বাচনী সভায় বক্তব্য দেওয়া নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীসহ পাঁচজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ভাঙ্গা উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে এক পক্ষের নেতৃত্ব দেন ওই গ্রামের ইস্রাফিল মোল্যা এবং অপর পক্ষের নেতৃত্বে ছিলেন ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা ও চান মিয়া। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম বলেন, ‘গতকাল একটি সভায় বক্তব্য দেওয়া নিয়ে বিরোধের জেরে আজ এই সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি।’

স্থানীয় সূত্রে জানা যায়, অতীতে ইস্রাফিল মোল্যা ও ওয়াদুদ মোল্যা, শাহাবুদ্দিন মোল্যা এবং চান মিয়া— উভয় গ্রুপই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় পার্শ্ববর্তী ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদি গ্রামে ফরিদপুর-৪ আসনের বিএনপি প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের নির্বাচনী সভায় আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন। ওই সভায় শহিদুল ইসলাম বাবুলের উপস্থিতিতে উভয় পক্ষের নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানের একপর্যায়ে ইস্রাফিল মোল্যা দীর্ঘ বক্তব্য দিলে ওয়াদুদ মোল্যার সমর্থক শান্ত নামের এক যুবক বাধা দেন। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় তখন পরিস্থিতি শান্ত হয় এবং উভয় পক্ষ ঝামেলায় না জড়ানোর বিষয়ে সমঝোতায় পৌঁছায়।

এরই জের ধরে বুধবার দুপুরে ইস্রাফিল মোল্যার ছোট ভাই জাকারিয়া মোল্যার ওপর প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জাকারিয়া মোল্যা (৩৭), জাহিদ মোল্যা (৩৮), লাভলী বেগমসহ (৪৫) আরও কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকারিয়া মোল্যা দাবি করেন, তারা দীর্ঘদিন ধরেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি বলেন, ‘গতকাল অনুষ্ঠানে আমার ভাই বক্তব্য দিলে পেছন থেকে শান্ত নামে একজন কটাক্ষ করে। এ নিয়ে তর্কবিতর্ক হয়। আজ আমাকে একা পেয়ে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও কোপানো হয়েছে। আমাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটও করা হয়েছে।’

এ বিষয়ে জানতে ওয়াদুদ মোল্যা গ্রুপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত