চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আজারবাইজানের ক্লাব কারাবাগকে বড় ব্যবধানে হারিয়েছে লিভারপুল। এই জয়ের মাধ্যমে ইউরোপের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব টুর্নামেন্টের শেষ ষোলোতে সরাসরি জায়গা নিশ্চিত করেছে আর্নে স্লটের দল। এই ম্যাচেই দীর্ঘদিন পর গোলের খাতায় নাম লেখান মোহাম্মদ সালাহ। গত বছরের ১ নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে লিভারপুল। ১৫ মিনিটে কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন তারকা অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। গোললাইন প্রযুক্তির মাধ্যমে নিশ্চিত হয় বলটি গোললাইন অতিক্রম করেছে। ছয় মিনিট পর ফ্লোরিয়ান ভির্টজের নিচু শটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল।
বিরতির পাঁচ মিনিট পর আসে সালাহর বড় মুহূর্ত। বক্সের সামনে ফাউলের শিকার হওয়ার পর ডমিনিক সোবোস্লাইয়ের নেওয়া ফ্রি-কিক থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন তিনি। গোলের পর কপ স্ট্যান্ডের সামনে তার উদযাপন ছিল দেখার মতো। এরপর একের পর এক আক্রমণে বিপর্যস্ত হয়ে পড়ে কারাবাগ। হুগো একিতিকের দ্রুতগতির আক্রমণে চতুর্থ গোল আসে।
এরপর প্রতিপক্ষের রক্ষণভাগের ভুলে ম্যাক অ্যালিস্টার প্রায় গোললাইন থেকেই নিজের দ্বিতীয় গোলটি করেন। শেষদিকে ভার্জিল ফন ডাইকের পাস থেকে সহজ গোল করেন বদলি খেলোয়াড় ফেদেরিকো কিয়েসা। তবে বড় জয়ের মাঝেও হতাশার খবর আসে লিভারপুল শিবিরে। ম্যাচের দ্বিতীয় মিনিটেই চোটে মাঠ ছাড়তে বাধ্য হন জেরেমি ফ্রিম্পং।
বিশ্বকাপ বয়কটের সাহস পাকিস্তানের নেই: আজিঙ্কা রাহানে
ডর্টমুন্ডকে হারিয়েও সরাসরি শেষ ষোলোয় যেতে পারল না ইন্টার