রাজধানীর মিরপুর পল্লবীতে ছিনতাইকারীর গুলিতে মোহাম্মাদ হোসেন দীপু (৪৫) নামে এক মুদি দোকানী ও খিলক্ষেতে ছুরিকাঘাতে মো. লিটন (২৮) নামে এক নির্মানশ্রমিক আহত হয়েছেন। তাদের কাছ থেকে টাকা ও ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোরে এই পৃথক দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালে আহত দীপুর স্ত্রী আফরোজা আক্তার জানান, তাদের বাসা মিরপুর-১২ নম্বর সেকশন, ই ব্লক, ৫ নম্বর রোডের ১ নম্বর বাড়ি। এটি তাদের নিজেদের বাড়ি। বাড়ির নিচে আফরোজার ছোট ভাই মো. শাহদাত হোসেন শুভর মুদি দোকান। সেই দোকানেই কাজ করেন দীপু। ভোর সাড়ে ৫টার পর দীপু ধূমপান করার জন্য বাসা থেকে রাস্তায় বের হন।
দীপুর শ্যালক শুভ বলেন, ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে হঠাৎ বাসার সামনে রাস্তায় চিৎকার শুনতে পাই। দৌড়ে রাস্তায় নেমে দেখি, আমার দুলাভাই রক্তাক্ত অবস্থায়। তখন জানতে পারি, ছিনতাইকারীর কবলে পড়েছেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে পরবর্তীতে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। চিকিৎসকরা জানান, গুলিটি পায়ের অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে।
আহত দীপু বলেন, আমি বাসার সামনে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খাওয়ার সময় কিছুটা দূরে একটি মোটরসাইকেল এসে থামে। মোটরসাইকেলে ২-৩ জন ছিল। এরপর তারা ধীরেধীরে আমার কাছে আসে। তখনও বুঝতে পারিনি তারা ছিনতাইকারী। কাছে এসেই একজন ছুরি বের করে বলে, সঙ্গে যা আছে সব বের করে দিতে। তখন তারাই পকেট থেকে মানিব্যাগ বের করে নেয়। এরপর ফোন নিতে চাইলে বাধা দিলে প্রথমে হাতাহাতি হয়। এরপর পিছন থেকে একজন গুলি করে দেয়। মানিব্যাগে শ্যালক শুভর বিয়ের কেনাকাটা করার জন্য রাখা ১৭ হাজার টাকা ছিল। সেগুলো নিয়ে গেছে।
অপরদিকে আহত লিটনের সহকর্মী মো. মহসিন ইসলাম জানান, তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি কোম্পানির নির্মানশ্রমিক। লিটনের বাড়ি দিনাজপুর। কিছুদিন আগে থেকে গ্রামে গিয়েছিল। গতরাতে আবার গ্রাম থেকে কাজে ফিরছিল। ভোর ৪টার দিকে খিলক্ষেত বাসস্ট্যান্ডে নামার পর রেললাইনের পাশে ৩ জন ছিনতাইকারী তার সামনে এসে দাঁড়ায়। ছুরি ঠেকিয়ে তার ব্যাগ, পকেট হাতাতে থাকে। এস ময় বাধা দিতে গেলে তার বাম কাধে পরপর ৩টি ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ৫শ টাকা ও একটি ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহত দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। ঘটনা দুটি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
