শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে সহিংসতার পরিপ্রেক্ষিতে মৌলভীবাজারের কমলগঞ্জে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) আয়োজিত ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।
অনুষ্ঠান বাতিলের বিষয়টি নিশ্চিত করে কমলগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, শেরপুরের অনাকাঙ্কিত ঘটনার প্রেক্ষিতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রেখে জেলা প্রশাসনের নির্দেশনায় আজকের নির্ধারিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। সবার আগে জননিরাপত্তাই আমাদের কাছে অগ্রাধিকার বেশি থাকে।
সুজন’র কমলগঞ্জ কমিটির সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ বলেন, ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানটি মূলত প্রার্থী ও ভোটারদের মধ্যে সরাসরি আলোচনার একটি মাধ্যম হিসেবে কাজ করে। যেখানে প্রার্থীরা তাদের উন্নয়নের প্রতিশ্রুতি দেন এবং ভোটাররা সরাসরি প্রশ্ন করার সুযোগ পান। অনুষ্ঠানটিতে নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসন স্থগিত ঘোষণা করেছে।
