ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে উপজেলার সাধুখালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সাধুখালী গ্রামের শহিদুল মাস্টারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল একই এলাকার নূর আলী ও বাদশার। এ নিয়ে বৃহস্পতিবার সকালে নূর আলী ও বাদশার লোকজন ওই জমি দখল নিতে গেলে শহিদুল মাস্টারের পক্ষের লোকজন বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতাল ও শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
