লালমনিরহাটের পাটগ্রামে ট্রেনের ধাক্কায় মুন্না ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে পাটগ্রাম রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না ইসলাম পাটগ্রাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের স্টেশনপাড়া এলাকার কাপড় ব্যবসায়ী খোকন হোসেনের বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে মুন্না ইসলাম নিজ বাড়ি থেকে বের হয়ে রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বুড়িমারী থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী একটি লোকাল ট্রেন তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।
নিহত মুন্না'র প্রতিবেশী ভাই আজিজুল হক বলেন, সে খুব ভালো ছেলে ছিল। তার অকাল মৃত্যু কোনভাবেই মেনে নিতে পারছি না।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনার বিষয়ে রেলওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করবে।
