ভারত–পাকিস্তান–বাংলাদেশ বিরোধে শ্রীলঙ্কা 'নিরপেক্ষ'

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

আঞ্চলিক রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও নিরপেক্ষ অবস্থান বজায় রাখার বার্তা দিয়েছে শ্রীলঙ্কা। ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে চলমান বিরোধে জড়াতে চায় না কলম্বো—এ কথা স্পষ্ট করে জানিয়েছেন দেশটির ক্রিকেট সেক্রেটারি বান্দুলা দিসানায়েকে। এএফপিকে তিনি বলেন, “ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যে বিরোধ রয়েছে, সেখানে আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিনটিই আমাদের বন্ধুপ্রতিম দেশ।”

এই অবস্থানের মধ্যেই আগামী মাসে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপের আয়োজনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে যাচ্ছে শ্রীলঙ্কা। দ্বিবার্ষিক এই টুর্নামেন্টটি শ্রীলঙ্কা ও ভারত যৌথভাবে আয়োজন করছে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত শ্রীলঙ্কায় হবে মোট ২০টি ম্যাচ। এর মধ্যে ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে গ্রুপ ‘এ’-তে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান—যে ম্যাচকে ঘিরে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।

শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে জানান, টুর্নামেন্ট সুষ্ঠুভাবে আয়োজন করাকে “সর্বোচ্চ অগ্রাধিকার” দেওয়া হয়েছে এবং ভারত–পাকিস্তান ম্যাচে বিশেষ নজর রাখা হচ্ছে। পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের মতে, অংশগ্রহণকারী সব দলের নিরাপত্তায় এলিট সশস্ত্র কমান্ডো ইউনিট মোতায়েন করা হবে—যারা সাধারণত বিদেশি রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তায় নিয়োজিত থাকেন। এক কর্মকর্তা বলেন, দলগুলো বিমানবন্দর থেকে বের হওয়ার মুহূর্ত থেকে শুরু করে বিমানে ওঠা পর্যন্ত সশস্ত্র প্রহরায় থাকবে।

রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তান ভারতে খেলতে অস্বীকৃতি জানালে আইসিসি তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় সরিয়ে আনে। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশও ভারতের বাইরে ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়েছিল, তবে আইসিসি তা প্রত্যাখ্যান করে। এরপর বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায় এবং তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশকে সমর্থন জানিয়ে পাকিস্তানও টুর্নামেন্ট বয়কটের সম্ভাবনা উড়িয়ে দেয়নি।

এই প্রেক্ষাপটে শ্রীলঙ্কা স্পষ্ট করেছে—আঞ্চলিক বিরোধে পক্ষ নেওয়া নয়, বরং ক্রীড়া আয়োজন নির্বিঘ্ন করাই তাদের লক্ষ্য। দিসানায়েকে আরও বলেন, ভবিষ্যতে কোনো দেশ চাইলে শ্রীলঙ্কা তাদের টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুত থাকবে।

এদিকে বিশ্বকাপকে সামনে রেখে অবকাঠামো উন্নয়নও এগিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহালিজ স্পোর্টস ক্লাবে নতুন ফ্লাডলাইট বসানো হয়েছে। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামও নভেম্বরের ঘূর্ণিঝড়ে অক্ষত থাকায় সেখানে শুক্রবার থেকে শ্রীলঙ্কা–ইংল্যান্ড টি–টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত