বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সরকারি কর্মচারী ও শিক্ষক সমাজ। বৈষম্যমুক্ত নবম পে স্কেলের গেজেট প্রকাশ এবং উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে আজ শুক্রবার (৩০ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সরকারি চাকরিজীবীরা।
এ সময় বক্তারা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সরকারি কর্মচারীরা নিজ নিজ দপ্তরের সামনে সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ২ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করবেন। এই কর্মসূচি চলাকালীন সময়ে পে স্কেল গেজেট জারি না হলে ৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ১০টায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে একত্রিত হয়ে যমুনা অভিমুখে ভূখা মিছিল করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
কর্মচারী নেতাদের অভিযোগ, উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন যে বর্তমান সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এবং কেবল আন্দোলন থামাতেই পে কমিশন গঠন করা হয়েছিল।
সংগঠনের সদস্যসচিব মো. মাহমুদুল হাসান ও মুখ্য সমন্বয়ক মো. ওয়ারেছ আলী এক বিবৃতিতে এই বক্তব্যকে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের সাথে ‘তামাশা’ ও ‘হঠকারী’ বলে আখ্যা দিয়েছেন। তারা অবিলম্বে এই উস্কানিমূলক বক্তব্য প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার শর্তে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবি জানিয়েছেন।
