গজারিয়ায় বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মীর পদত্যাগ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০১:৫২ পিএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় তৃণমূল নেতাদের মতামত উপেক্ষিত ও জনপ্রিয় নেতাদের বহিষ্কারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেছেন গজারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবসহ ২২ নেতাকর্মী।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের রসূলপুর খেয়াঘাট সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে লিখিত বক্তব্য পাঠ করে পদত্যাগ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহমান শফিক। তিনি বলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের (সদর, শহর, গজারিয়া, মীরকাদিম পৌর) ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে ৭৪ জন মহিউদ্দিন আহমেদকে সমর্থন দেন কিন্তু তাদের মতামতকে উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয় অন্য প্রার্থীকে। সেই সঙ্গে মুন্সীগঞ্জ জেলা বিএনপির গ্রহণযোগ্য নেতা মহিউদ্দিন আহমেদ ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মজিবুর রহমানসহ ১৩ নেতাকে বহিষ্কারের প্রতিবাদে স্বেচ্ছায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং এই মুহূর্ত থেকে পদত্যাগ করছি।

পদত্যাগ করা অন্যান্য নেতাকর্মীরা হলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য বোরহান উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিক শিকদার, ইঞ্জি. মুকবুল আহমেদ রতন, বিভিন্ন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক/সদস্য সচিবদের মধ্যে গিয়াসউদ্দিন মেম্বার, জাহাঙ্গীর মাতবর, স্বপন সরকার, এম এ হানিফ, আমিরুল ইসলাম, আতাউর রহমান, আজমল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জিএস ওয়াহিদুজ্জামান, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হোসেনসহ ২২ নেতাকর্মী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত