আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মত শিরকি কথাবার্তা বলছে বলে মন্তব্য করেছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও ঝিনাইদহ-১ আসনের বিএনপির প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে শৈলকুপা উপজেলার লক্ষণদিয়া গ্রামে পথসভায় তিনি এ মন্তব্য করেন।
বিএনপির প্রার্থী অ্যাড. আসাদুজ্জামান বলেন, দলটির নারী কর্মীরা কোরআন শরীফ হাতে নিয়ে তালিম করানোর নামে ভোট চেয়ে বেড়াচ্ছেন। ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এমন কোথাও বলছেন। এরকম শিরকি কথা বলে ভোট পাওয়া যাবে না। এ ধরনের প্রতিশ্রুতি নির্বাচনি আচরণবিধি ও আইনের লঙ্ঘন।
এর আগে উপজেলা মীনগ্রাম, আবাইপুরসহ বিভিন্ন গ্রামে নির্বাচনী পথসভা করেন তিনি। পথসভায় শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, কেন্দ্রীয় ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
