কাগজ নয়, আধুনিক প্রযুক্তির ব্যবহারে ভিন্নধর্মী উপায়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার ঘোষিত ৩৬ দফার এই ইশতেহারে কোনো মুদ্রিত কপি বিতরণ করা হয়নি। বরং অনুষ্ঠানস্থলের প্রতিটি টেবিলে রাখা কিউআরকোড স্ক্যান করেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ তথ্য ডাউনলোড করা যাচ্ছে।
রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে ইশতেহার ঘোষণায় একটি ব্যতিক্রমী দিক ছিল- কোনো ধরনের মুদ্রিত কাগজপত্র বিতরণ না করা। প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে পুরো আয়োজনকে রাখা হয় ডিজিটালভিত্তিক। এতে পরিবেশবান্ধব ও আধুনিক উপস্থাপনার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানস্থলে প্রতিটি টেবিলে একটি করে কিউআরকোড দেওয়া হয়। সেই কিউআরকোড স্ক্যান করলেই ইশতেহারসংক্রান্ত সম্পূর্ণ ফাইল ডাউনলোড করা যাচ্ছে। ফলে উপস্থিত নেতা-কর্মী ও আমন্ত্রিত অতিথিরা সহজেই নিজেদের মোবাইল ফোনের মাধ্যমে ইশতেহারের সব তথ্য সংগ্রহ করতে পেরেছেন।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন বিভিন্ন দেশের কূটনৈতিক, সুশীল সমাজের প্রতিনিধি ও দেশী-বিদেশী গণমাধ্যমের সাংবাদিকরা।
