আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী বিভাগের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৷
বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এ অঞ্চলে চার হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন করা হচ্ছে ৷ একই সঙ্গে নজরদারি কার্যক্রম জোরদারে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে ৷
শুক্রবার (৩০ জানুয়ারি) রাজশাহী পোস্টাল একাডেমির সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পাশে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল সৈয়দ কামাল হোসেন ৷
তিনি বলেন, নির্বাচনকালীন সময়কে কেন্দ্র করে রাজশাহী সেক্টরের দায়িত্বপূর্ণ পুরো এলাকায় একটি সমন্বিত ও শক্তিশালী নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ৷
কর্নেল কামাল হোসেন জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন সাতটি জেলা, ৬২টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত ৩৭টি সংসদীয় আসনে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে বিজিবি ৷ এ লক্ষ্যে সেক্টরের অধীনস্থ ৬৫টি বেইজ ক্যাম্প থেকে মোট ১৪৬টি প্লাটুন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ৷ এসব ইউনিট প্রয়োজন অনুযায়ী দ্রুত মোতায়েন ও অভিযান পরিচালনার জন্য প্রস্তুত থাকবে ৷
এছাড়া সীমান্ত এলাকায় অবস্থিত ৭৬টি বর্ডার আউট পোস্টে প্রতিটিতে ১০ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সদস্য সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে ৷ সব মিলিয়ে নির্বাচনকালীন নিরাপত্তা দায়িত্বে রাজশাহী সেক্টরে চার হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে বলে জানান তিনি ৷
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, নির্বাচন চলাকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় হেলিকপ্টার প্রস্তুত রাখা হবে ৷ প্রয়োজনে কুইক রেসপন্স ফোর্সকে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে দেওয়া সম্ভব হবে ৷
সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ও সমন্বয় করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন ৷
সংবাদ সম্মেলন শেষে রাজশাহী-নওগাঁ মহাসড়কে বিজিবির পক্ষ থেকে একটি নিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয় ৷ মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন সময়ে সড়ক ও সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির প্রস্তুতি ও সক্ষমতা প্রদর্শন করা হয় ৷
