গ্র্যামিতে প্রথম কে-পপ একক শিল্পী হবেন রোজ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৫৬ এএম

কে-পপ তারকা রোজ ২০২৬ সালের গ্র্যামি অ্যাওয়ার্ডসে পরিবেশনার মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছেন। অস্ট্রেলিয়ান-কোরিয়ান এই গায়ক-গীতিকার প্রথম কে-পপ একক শিল্পী হিসেবে গ্র্যামির মঞ্চে পারফর্ম করবেন, যা কে-পপের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

বিশ্বখ্যাত গার্ল গ্রুপ ব্ল্যাক পিঙ্কের সদস্য রোজ এ বছরই প্রথমবারের মতো গ্র্যামিতে মনোনীত হয়েছেন। তিনি মোট তিনটি মনোনয়ন পেয়েছেন। এর মধ্যে রয়েছে প্রধান সাধারণ ফিল্ডের দুটি বিভাগ বছরের গান ও বছরের রেকর্ড ব্রুনো মার্সের সঙ্গে যৌথভাবে করা গান ‘এপিটি’-এর জন্য। পাশাপাশি গানটি সেরা পপ জুটি/গ্রুপ পারফরম্যান্স বিভাগেও মনোনয়ন পেয়েছে।

এর আগে দ্য হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে রোজ জানান, গ্র্যামির ইতিহাসে নাম লেখানোর সম্ভাবনা তার জন্য অত্যন্ত আবেগঘন। তিনি বলেন, এই স্বীকৃতি শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং তার সংগীতযাত্রা এবং বিশ্ব জুড়ে কে-পপের সম্ভাবনায় বিশ^াস রাখা মানুষের জন্যও একটি বৈধতার মুহূর্ত।

২৮ বছর বয়সী এই শিল্পীর জন্য সময়টা বিশেষভাবে সফল। ২০২৪ সালের ডিসেম্বরে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম ‘রোজি’ বিলবোর্ড ২০০ চার্টে তৃতীয় স্থানে অভিষেক করে। অ্যালবামের প্রধান গান ‘এপিটি’ বিলবোর্ড হট ১০০ তালিকায় টানা ৪৫ সপ্তাহ অবস্থান করে এবং ২০২৫ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে তাকে বছরের সেরা গান পুরস্কার এনে দেয়।

বিশেষজ্ঞদের মতে, রোজের মনোনয়ন ও আসন্ন পরিবেশনা মার্কিন মূলধারার সংগীত জগতে কে-পপের ক্রমবর্ধমান প্রভাবেরই প্রতিফলন। উল্লেখ্য, ২০২১ সালে বিটিএসের ‘ডাইনামাইট’ গান গ্র্যামিতে মনোনীত হওয়ার মাধ্যমে প্রথমবারের মতো কে-পপ এই পুরস্কার মঞ্চে বড় স্বীকৃতি পায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত