বগুড়ায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগমের মধ্যে অর্ধশতাধিক মোবাইল ফোন হারানোর ঘটনা ঘটেছে। এর মধ্যে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালুর মোবাইল ফোনও খোয়া গেছে বলে জানা গেছে। ঘটনাগুলো নিয়ে শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৯টা পর্যন্ত সদর থানায় অন্তত ৫০টি সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত হয়েছে।
জনসভা উপলক্ষে দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ শহরমুখী হতে থাকেন। সন্ধ্যার আগেই আলতাফুন্নেছা খেলার মাঠ পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে বহু মানুষ সাতমাথা ও আশপাশের সড়কে অবস্থান নেন, যাতে সরাসরি উপস্থিত থেকে বক্তব্য শোনা ও নেতাকে এক নজর দেখা যায়।
এই বিপুল ভিড়ের মধ্যেই অনেক অংশগ্রহণকারী তাদের মোবাইল ফোন হারানোর অভিযোগ করেন। ভুক্তভোগীদের ভাষ্য, মানুষের চাপে ঠাসা পরিস্থিতিতে অস্বাভাবিক নড়াচড়া বা স্পর্শ টের পেলেও কিছু বোঝার আগেই ফোন উধাও হয়ে যায়। অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার সময় পকেট বা ব্যাগে ফোন না পেয়ে বিষয়টি নিশ্চিত হন অনেকে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূরবর্তী এলাকা থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও রয়েছেন। কারও মোবাইলে ব্যক্তিগত ও পারিবারিক গুরুত্বপূর্ণ ছবি ছিল, আবার কারও ফোনে ছিল জীবিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্য—ফলে তারা বিপাকে পড়েছেন। বৃহস্পতিবার রাত থেকেই অনেকেই সদর থানায় গিয়ে অভিযোগ জানাতে শুরু করেন।
শুক্রবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম বলেন, “রাত ৯টা পর্যন্ত ৫০টির বেশি জিডি (সাধারণ ডায়েরি) করা হয়েছে মোবাইল ফোন হারানোর বিষয়ে। আরও অনেকেই আসছেন ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে।” তিনি আরও জানান, “বৃহস্পতিবার রাতে মোবাইল ফোন চুরির অভিযোগে ভুক্তভোগীরা সাতমাথা এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন।”
ফোন হারানো ব্যক্তিদের একজন, ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু বলেন, “বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহরের স্টেশন রোডে বিআরটিসি মার্কেটের সামনে হাজারো মানুষের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ছিলাম তারেক রহমানকে দেখার জন্য। মানুষের ঠেলাঠেলির মধ্যে পকেটে থাকা দেড় লাখ টাকা মূল্যের শখের ফোন খোয়া যায়।”
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম বলেন, “ফোন হারানোর সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করছেন, আমরা সেই ফোনগুলো উদ্ধার করার জন্য গুরুত্ব দিয়ে চেষ্টা করছি। তথ্যপ্রযুক্তি ছাড়াও ভিন্ন কৌশলে হারানো ফোনগুলো উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”
বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত : হাফিজ উদ্দিন
গোপন বৈঠক নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের সমালোচনা চরমোনাই পীরের