আগামীকাল রবিবার শেরপুর সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সফরকালে নির্বাচনী ২টি জনসভা ছাড়াও শ্রীবরদী উপজেলার জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। দলটির মিডিয়া সেল থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। আমিরের এই সফর সাংগঠনিক ও সৌজন্য সাক্ষাৎমূলক কর্মসূচির অংশ বলে জানিয়েছে জামায়াত।
দলীয় সূত্রে জানা গেছে, সফরের অংশ হিসেবে রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে তিনি শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি শহীদ রেজাউল করিমের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর বেলা ১১ টা ৩০ মিনিটে শেরপুর জেলা শহরে এবং দুপুর ১২টা ৩০টা জামালপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন। ঢাকায় ফিরে নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করার কথা রয়েছে তার।
শেরপুরের শ্রীবরদী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রেজাউল করিমকে ইট দিয়ে থেঁতলে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করছে জামায়াত। গত বুধবার শেরপুরের ঝিনাইগাতীতে সহকারী রিটার্নিং কর্মকর্তা আয়োজিত নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে বিএনপি-জামায়াত সংঘর্ষে তিনি আহত হন। আহত অবস্থায় রেজাউল করিমকে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
