লামিনে ইয়ামাল আরও বড় তারকা হয়ে উঠবে: হান্সি ফ্লিক

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৬ পিএম

বার্সেলোনার হয়ে আরও একবার জাদুকরী ফুটবলের প্রদর্শনী করলেন লামিনে ইয়ামাল। গতকাল শনিবার রাতে লা লিগায় এলচের বিপক্ষে ৩-১ গোলের জয়েই ইয়ামালের দুর্দান্ত পারফরম্যান্স সবার নজর কেড়েছে। বার্সা কোচ হান্সি ফ্লিকও ১৮ বছরের এই বিস্ময়বালককে প্রশংসায় ভাসিয়েছেন।

ইয়ামাল সাম্প্রতিক পাঁচ ম্যাচে ৪টি গোল করেছেন। চলতি মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯টি, যা গত মৌসুমে করা মোট গোলসংখ্যার সমান। শুধু গোল নয়, শনিবারের ম্যাচে তিনি ৮টি গোলের সুযোগ তৈরি করেন, যার একটি থেকে মার্কাস রাশফোর্ড বার্সার তৃতীয় গোলটি করেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হান্সি ফ্লিক বলেন, ‘সে যখন সর্বোচ্চ মানের ফুটবল খেলে, সেটা দল ও ক্লাবের জন্য খুব গুরুত্বপূর্ণ। সে এখনও তরুণ, উন্নতির সুযোগ আছে। সে আরও বড় তারকা হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।’

এস্তাদিও মার্তিনেজ ভ্যালেরোতে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এলচের গোলকিপার ইনিয়াকি পেনাকে বোকা বানিয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইয়ামাল। পেনা বার্সেলোনার খেলোয়াড় হলেও বর্তমানে এলচেতে ধারে খেলছেন। ম্যাচে বার্সেলোনা গোলের অসংখ্য সুযোগ তৈরি করলেও বেশিরভাগই নষ্ট করেছে। ফেরান তোরেস, ফিরমিন লোপেজ, রাশফোর্ডরা বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেন। দানি ওলমোর শটও পোস্টে লাগে।

বর্তমানে বার্সেলোনা লা লিগার শীর্ষে অবস্থান করছে। তারা কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগ— এই তিনটি প্রতিযোগিতাতেই লড়াই চালিয়ে যাচ্ছে। এলচের বিপক্ষে শিষ্যদের পারফর্মেন্স নিয়ে ফ্লিক বলেন, ‘আমরা শেষ মুহূর্তে ঠিকভাবে সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে তিন পয়েন্ট পাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত