শনিবার (৩১ জানুয়ারি) এমআইএসটির নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং (ন্যাম) বিভাগের লেভেল-২ এ অধ্যয়নরত ১৮ জন অসামরিক শিক্ষার্থীর একটি দল মাওয়া ঘাট এলাকায় ভ্রমণের উদ্দেশ্যে গমন করে। মাওয়া ঘাটে পৌঁছানোর পর শিক্ষার্থীগণ আনুমানিক ৩টায় পদ্মা নদীতে নৌকা ভ্রমনে বের হয়। তাদের নৌকাটি যখন একটি চরের কাছাকাছি (৪ নং পিলারের কাছে) পৌছায় তখন চর হতে আনুমানিক ৫০ মিটার দূরত্বে ৩ শিক্ষার্থী সাঁতার কেটে চরে যাওয়ার উদ্দেশ্যে নৌকা হতে নদীতে লাফিয়ে পড়ে।
তবে সাঁতার কাটতে শুরু করার কিছুক্ষণ পরই ৩ শিক্ষার্থীই অসুবিধার সম্মুখীন হয় এবং সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তখন বোটে থাকা অন্যান্য শিক্ষার্থীদের মধ্যে সাঁতার জানা দুইজন পানিতে নেমে দুইজনকে উদ্ধার করতে সক্ষম হয়। তবে তৃতীয় শিক্ষার্থীকে (আবু নাঈম) উদ্ধার করার পূর্বেই তিনি ডুবে যায়।
ঘটনার বিষয় অবগত হওয়ার মাত্রই কমান্ড্যান্ট এমআইএসটি কর্তৃক বিষয়টি তাৎক্ষনিকভাবে মাননীয় সেনা এবং নৌ বাহিনী প্রধান, ডিজি বাংলাদেশ কোস্ট গার্ড, ডিজি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এবং নিরাপত্তা সংস্থাসমূহেকে অবগত করা হয়। এছাড়াও তাৎক্ষণিকভাবে ন্যাম বিভাগের বিভাগীয় প্রধান এবং কো-অর্ডিনেটরকে ঘটনাস্থলে পাঠানো হয়।
প্রাথমিকভাবে ১৫ আরই ব্যাটালিয়নের একটি স্পিড বোট ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। একইসঙ্গে স্থানীয়ভাবে মোতায়েনকৃত ৯ পদাতিক ডিভিশনের ১৯ বীর ইউনিট উদ্ধারকাজে যোগদান করে এবং সহযোগীতা প্রদান করে।
অপরদিকে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্টগার্ডের ৭ সদস্য বিশিষ্ট দল (৫ ডুবুরি), ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২০ সদস্য বিশিষ্ট দল (৫ জন ডুবুরি) এবং নৌ পুলিশের ৫ সদস্য বিশিষ্ট দল ঘটনা স্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে।
পরবর্তীতে ঢাকা থেকে নৌ বাহিনীর ৮ সদস্য বিশিষ্ট ডুবুরি দল আনুমানিক ৯টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে যোগ দেয়। উদ্ধারকারী দলগুলো ১ ফেব্রুয়ারি রাত আড়াইটা পর্যন্ত উদ্ধারকার্য পরিচালনা করেন।
পরবর্তীতে রবিবার সকাল ৮টায় উদ্ধারকার্য পুনরায় শুরু হয়েছে। কমান্ড্যান্ট, এমআইএসটি আজ সকালে ঘটনাস্থলে উপস্থিত হোন এবং নিখোজঁ শিক্ষার্থীর পিতা ও উপস্থিত ছাত্রদের সহকারে উদ্ধারকার্য তদারকি করছেন।
এছাড়াও ১৯ বীরের সহায়তায় স্থানীয় আরও ৪ ডুবুরি উদ্ধার কাজে যোগ দিয়েছেন। এরই মধ্যে বেসামরিক প্রশাসনকে (ডিসি ও ইউএনও) এ বিষয়ে অবগত করা হয় এবং তারা নৌ পুলিশকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেছেন। অব্যাহতভাবে ২৪ ডুবুরির সহায়তায় ঘটনাস্থলে উদ্ধারকার্য চলমান রয়েছে। তবে দুঃখজনক ভাবে অদ্যবধি নিখোজ শিক্ষার্থীর সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে উদ্ধারকার্য চলমান রয়েছে।
