নারী ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ এএম

গাজীপুরে নারী ব্যবসায়ীকে হত্যা ও অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর শাখা। গতকাল রবিবার সন্ধ্যায় মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে শাহবাগে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ হত্যার মাস্টারপ্ল্যান’, ‘রাজতন্ত্র নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ ইত্যাদি সেøাগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সুন্দর পরিবেশ ও সুযোগকে নস্যাৎ করতে একটি দল পাগল হয়ে গেছে। গত দেড় বছরে দলটি চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী কার্যক্রম ও মাফিয়াতন্ত্র কায়েম করেছে। দেশের মানুষ বুঝে গেছে তারা গণতন্ত্র চায় না, তারা চায় মাফিয়াতন্ত্র। তারা সারা দেশে আমার মা-বোনদের ওপর হামলা করছে। তারা ২৩০ জনের বেশি নিজ দলের নেতাকর্মীকে হত্যা করেছে। কিছুদিন আগে তারা শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। গতকাল গাজীপুরে নারী ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা সারা দেশে বিএনপি ও ছাত্রদলের হত্যা এবং নারী নিপীড়নের নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, ৫ আগস্টের পর যখন সবাই সুস্থ রাজনীতি করতে চেয়েছে তখন একটি দল হত্যা, চাঁদাবাজি ও নারী নিপীড়নের দিকে ঝুঁকে পড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি দেশে নতুন সূর্য উদয় হবে, যেখানে সব নারী-পুরুষ ঐক্যবদ্ধ হয়ে খুনি, চাঁদাবাজ ও নারী নিপীড়কদের বাংলাদেশ থেকে লাল কার্ড প্রদর্শন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত