ছিন্নমূল শিশুদের আলোর পথ দেখাতে ১৯৭৯ সালের এই দিনে মাত্র একজন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল ‘সুরভী’। সময়ের পরিক্রমায় সেই প্রতিষ্ঠানটি আজ ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করল। সমাজের অবহেলিত শিশুদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার মহান ব্রত নিয়ে একুশে পদকজয়ী বিশিষ্ট সমাজসেবী সৈয়দা ইকবাল মান্দ বানু এই বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেছিলেন।
রোববার (১ ফেব্রুয়ারি) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তিলাওয়াত, তর্জমা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। অনুষ্ঠানে সুরভীর অসংখ্য প্রাক্তন শিক্ষার্থী উপস্থিত ছিলেন, যাঁরা বর্তমানে সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রকৌশলী, অধ্যাপকসহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন সৈয়দা ইকবাল মান্দ বানু। কোমলমতিদের উদ্দেশে তিনি বলেন, আরো কঠোর পরিশ্রম করে প্রতিষ্ঠত হওয়ার উপদেশ দেন।
শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করতে এদিন বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সকল বিষয়ে অসাধারণ পারদর্শিতা ও অতুলনীয় যোগ্যতার স্বীকৃতিস্বরূপ দুই শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এয়ার কমোডর সৈয়দ শফিউজ্জামান, সৈয়দা শাহিনা জামান খান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান ও জায়মা রহমান। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরাও উৎসবে শামিল হন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
জমি সংক্রান্ত বিরোধে হাতুড়ির আঘাতে নারী নিহত
শেখ হাসিনা-টিউলিপ-ববিসহ ১৮ জনের বিরুদ্ধে মামলার রায় আজ