জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও ৯ম পে-স্কেলের গেজেট জারির দাবিতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সোনারগাঁ জাদুঘরের কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে সোনারগাঁ জাদুঘর প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জাদুঘরের বিভিন্ন বিভাগে কর্মরত কর্মচারীরা অংশ নেন। কর্মসূচি চলাকালে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন।
কর্মচারীরা জানান, জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ‘এক দফা এক দাবি’ দীর্ঘদিন ধরে বাস্তবায়ন না হওয়ায় তারা আর্থিক ও পেশাগতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশে বিলম্বের কারণে একই ধরনের দায়িত্ব পালন করেও ভিন্ন বেতন কাঠামোর মুখে পড়তে হচ্ছে, যা বৈষম্য আরও স্পষ্ট করছে।
সোনারগাঁ জাদুঘর সিবিএর সাধারণ সম্পাদক মো. দিলোয়ার হোসেন বলেন, “পে স্কেল কারো করুণা নয় এটা আমাদের অধিকার। জাতীয় বেতন কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন না হলে জাদুঘরের কর্মচারীরাসহ সারা দেশের সব সেক্টরের সরকারি চাকরিজীবীরা বৃহত্তর কর্মসূচি পালন করবে। আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না। ন্যায্য পাওনা আদায়ের জন্য শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি।
তিনি আরও বলেন, ৯ম পে স্কেল আমাদের প্রাণের দাবি, আমাদের বেঁচে থাকার দাবি। গত ১১ বছরে মুদ্রা স্ফীতি বাড়লেও আমাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়েনি। পে স্কেল ৫ বছর পর পর দেয়ার কথা থাকলেও এখন ১১ বছর পার হচ্ছে তাও কোন খোঁজ নাই। বর্তমান অন্তর্বর্তী সরকার কর্তৃক ঘোষণাকৃত ৯ম পে স্কেলের জমাকৃত সুপারিশ আগামী ৫ তারিখের মধ্যে গেজেট আকারে বাস্তবায়ন করতে হবে।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মচারীরা আরও বলেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং ন্যায্য অধিকার আদায়ের শান্তিপূর্ণ আন্দোলন। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আগামী ৬ ফেব্রুয়ারি ঢাকায় মহাসমাবেশের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবেন বলেও জানান তারা। এই অবস্থান ও বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের সকল কর্মচারীবৃন্দ অংশ নেন।
পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস গ্রেপ্তার