পটিয়ায় সোহেল হত্যার প্রধান আসামি কায়েস গ্রেপ্তার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১০ পিএম

চট্টগ্রামের পটিয়ার আলোচিত মোহাম্মদ সোহেল (৩৬) হত্যার প্রধান আসামি মোহাম্মদ কায়েসকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। 

রবিবার (১ ফেব্রুয়ারি) রাতে নগরীর বাকলিয়া কল্পলোক এলাকা থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি টিম তাকে গ্রেপ্তার করেন। অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর বাকলিয়া ও চান্দগাঁও এলাকার দায়িত্বপ্রাপ্ত মেজর মো. আশরাফুজ্জামান। গ্রেপ্তার হওয়া কায়েসের বিরুদ্ধে পটিয়া থানায় একটি হত্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে।

জানা যায়, পটিয়া উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাই মোহাম্মদ সোহেলকে ২০২২ সালের ২২ এপ্রিল খুন করা হয়। এ ঘটনায় তার বড় ভাই চেয়ারম্যান আবুল কাসেম বাদী হয়ে মো. কায়েসকে প্রধান আসামি করে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর মোহাম্মদ কায়েস গ্রেপ্তার হলেও পরবর্তীতে সে জামিনে বের হয়।  

মামলার বাদী আবুল কাসেম জানান, আমার ছোট ভাইকে কায়েসের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় আমি বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করি। ওই মামলায় তার বিরুদ্ধে ওযারেন্ট ছিল। তাছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। সে বিভিন্ন নিরহ মানুষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।

বাকলিয়া থানার ডিউটি অফিসার ও এএসআই রুমা বড়ুয়া জানান, পটিয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টের আসামিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে গ্রেপ্তার করেছেন। যেহেতু মামলা পটিয়া থানায় সে কারণে আসামিকে পটিয়া থানায় পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত