শ্রীলঙ্কায় গেলো পাকিস্তান, ১৫ ফেব্রুয়ারি ভারত কী করবে

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৬ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছে পাকিস্তান দল। তবে টুর্নামেন্টে ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ না খেলার সিদ্ধান্তে বিশ্ব ক্রিকেটে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সোমবার লাহোর থেকে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করে পাকিস্তান দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, নতুন বিশ্বকাপ জার্সি পরে হোটেল থেকে বাসে করে বিমানবন্দরে যাচ্ছেন ক্রিকেটাররা।

রাজনৈতিক উত্তেজনার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ভারত সহ-আয়োজক হলেও পাকিস্তান দল ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না।

এরই মধ্যে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে অংশ নেবে না দলটি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই ঘোষণায় সিদ্ধান্তের কোনো কারণ উল্লেখ করা হয়নি। পিসিবিও এখনো আনুষ্ঠানিকভাবে আইসিসিকে লিখিতভাবে কিছু জানায়নি।

পাকিস্তান ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে সেদিন মাঠে না নামলে কার্যত তা পরিত্যক্ত হওয়ার দিকেই যাবে পরিস্থিতি। এ বিষয়ে বার্তা সংস্থা এএনআই বিসিসিআইয়ের এক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে। নাম প্রকাশ না করা ওই কর্মকর্তা জানিয়েছেন, ভারত তাদের নির্ধারিত সূচি মেনেই সব কার্যক্রম চালিয়ে যাবে। তিনি বলেন, “ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সব প্রটোকল মেনে চলবে।”

এ ছাড়া টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী অনুশীলন ও সংবাদ সম্মেলনও করবে ভারতীয় দল। ওই কর্মকর্তা আরও বলেন, “নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করা হবে, সংবাদ সম্মেলন করা হবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছানো হবে। এরপর ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা হবে।”

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও পাকিস্তান রয়েছে ‘এ’ গ্রুপে। এই গ্রুপের অন্য দলগুলো হচ্ছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়া। সূচি অনুযায়ী, ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ১২ ফেব্রুয়ারি দিল্লিতে নামিবিয়ার মুখোমুখি হবে তারা। সেখান থেকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে ভারতের শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত