ঢাকা-১১ আসন

বিএনপি প্রার্থীর বৈধতা প্রশ্নে রিট নাহিদ ইসলামের

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১১ এএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থী এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রিট আবেদন করেছেন একই আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাহিদ ইসলাম। গতকাল সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবীর মাধ্যমে এ আবেদনটি করেন তিনি। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী কাইয়ুমের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আবেদনে কাইয়ুমের প্রার্থিতার বৈধতার প্রশ্নে রুলের পাশাপাশি তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত স্থগিত চাওয়া হয়েছে। রিটকারীর আইনজীবী জানান, চলতি সপ্তাহে কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে। এমএ কাইয়ুম বিএনপির ক্ষুদ্র ঋণবিষয়ক সম্পাদক।

অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা দেশ রূপান্তরকে বলেন, ‘ভানুয়াতু রাষ্ট্রের নাগরিক বিএনপির প্রার্থী এমএ কাইয়ুম। কিন্তু এই তথ্যটি তিনি হলফনামায় গোপন করেছেন। এসব যুক্তিকে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে আমরা এই রিট আবেদনটি করেছি। তার প্রার্থিতা ও প্রতীক বরাদ্দ স্থগিত চাওয়া হয়েছে।’

গত ৩ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই শেষে এমএ কাইয়ুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত