হাতিরঝিলে ওয়ার্কার্স পার্টির মিছিলে হামলা, আহত ৩

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম

রাজধানীর হাতিরঝিল থানার মীরবাগ এলাকায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মিছিলের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে আহত তিনজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন আহাদ হোসেন (২৭), আব্দুর রহমান সাকিন (২৫) ও মো. হোসেন (৩৬)।

আহতরা জানান, বিকেলে মধুবাগ মাঠ থেকে ১০০-১৫০ লোক সাইফুল হকের পক্ষে কোদাল মার্কার মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত সাইফুল ইসলাম নিরবের কর্মী-সমর্থক মিছিলের ওপর হামলা করে।

সন্ধ্যায় আহতদের দেখতে হাসপাতালে আসেন কোদাল মার্কার প্রার্থী সাইফুল হক। তিনি বলেন, আজকে ৩৬ নম্বর ওয়ার্ডে কোদাল মার্কার নির্বাচনী প্রচারণা ছিল। মিছিলটি মীরবাগে এলে বিএনপি থেকে বহিষ্কৃত বিদ্রোহী ফুটবল মার্কার প্রার্থী সাইফুল আলম নিরব সমর্থিত লোকজন মিছিলের ওপর হামলা করে। এতে আমার তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, যারা হামলা করেছে তাদের অনতিবিলম্বে আইনের আওতায় এনে শাস্তির দাবি করছি। নির্বাচন কমিশনারকে বলব, তাকে তলব করে জবাবদিহির আওতায় আনা হোক। ১২ নম্বর ওয়ার্ড খুবই ঝুঁকিপূর্ণ। প্রার্থী ও ভোটাররা ঝুঁকিতে থাকেন। সবসময় হুমকি-ধমকি দিতে থাকে। সবসময় উসকানি দিতে থাকে। ২৪ ঘণ্টার মধ্যে তাদের গ্রেপ্তার করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত