ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তির কথা ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামাবে যুক্তরাষ্ট্র। খবর বিবিসির।
সোমবার (২ ফেব্রুয়ারি) নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, বাণিজ্যচুক্তি নিয়ে দুই দেশ রাজি হয়েছে। এর ফলে ভারতীয় পণ্যে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হবে।
ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে সব ধরনের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামাতে সম্মত হয়েছে ভারত। একই সঙ্গে তারা রাশিয়া থেকে তেল কেনাও বন্ধ করবে। রাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করায় দিল্লির ওপর যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক জরিমানা আরোপ করা হয়েছিল, সেটিও প্রত্যাহার করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প।
ট্রাম্পের পোস্টের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পেরে তিনি ‘অত্যন্ত আনন্দিত’। ট্রাম্প তার পোস্টে জানান, সকালে মোদির সঙ্গে ফোনালাপে বাণিজ্য এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা হয়েছে তার।
ট্রাম্প লিখেছেন, রাশিয়ার কাছ থেকে তেল কেনা বন্ধ এবং যুক্তরাষ্ট্র ও সম্ভাব্যভাবে ভেনেজুয়েলা থেকে অনেক বেশি তেল কিনতে সম্মত হয়েছেন তিনি (মোদি)। ভারতের এই সিদ্ধান্ত রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ৪ বছর ধরে চলা যুদ্ধ ‘শেষ করতে’ সহায়ক হবে বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প আরও বলেন, মোদির অনুরোধে তিনি তাৎক্ষণিকভাবে একটি বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছেন, যার ফলে শুল্ক কমানো হবে। ভারতের শুল্ক ও অশুল্ক বাধা শূন্যে নামিয়ে আনা হবে।
এ ছাড়া ট্রাম্প জানান, মোদি জ্বালানি, প্রযুক্তি, কৃষি ও কয়লাসহ বিভিন্ন খাতে ৫০০ বিলিয়ন ডলার (৩৬৬ বিলিয়ন পাউন্ড) মূল্যেরও বেশি মার্কিন পণ্য কেনার প্রতিশ্রুতি দিয়েছেন।
