গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা সভাপতিসহ অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বরমী জামিয়া আনুওয়ারীয়া কওমি মাদরাসার হলরুমে এক আয়োজনের মাধ্যমে তারা বিএনপিতে যোগ দেন।
কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন খেলাফত মজলিসের নেতাকর্মীরা। এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সাত্তার, উপজেলার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসেন, বরমী আনুওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা বড় হুজুর, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেন। এ সময় তাদের সঙ্গে খেলাফত মজলিসের কর্মীরা ছিলেন।
খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস সাত্তার বলেন, বিএনপিতে আলেম সমাজের সম্মান বেশি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম। আশা করি আগামীতে সবাই এক সঙ্গে কাজ করে দেশ উন্নয়নে ভুমিকা রাখতে পারবো।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করল। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ। আমরা আলেম সমাজ নিয়ে আরও সামনে এগিয়ে যেতে চাই দেশ সেবার মাধ্যমে। আমরা সবাই দেশের জন্য কাজ করব।
