ফেনীতে কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৬ পিএম

ফেনীতে এসএ পরিবহনের একটি কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটককৃত মালামালের মধ্যে রয়েছে, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রী পিস, তেল, বডি স্প্রে, সাবান, টুথপেস্ট, ফেশওয়াশ, আতশবাজি। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ২ লাখ ১৫ হাজার ৮০০ টাকা। এ সময় ২ জনকে আটক করা হয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী শহরের শহীদ শহীদুল্লহ কায়সার সড়কে অবস্থিত এস.এ পরিবহন কুরিয়ার সার্ভিসে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের ম্যানেজার মো. আতিকুর রহমান (৩৭) ও সহকারী ম্যানেজার মো. ফারুক হোসেনকে (৩৫) আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী-৪ ব্যাটালিয়নের একটি দল এস.এ পরিবহনে অভিযান চালায়। অভিযানকালে কুরিয়ার সার্ভিসের ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়া, বিজিবির সহকারী পরিচালক নজরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরে উদ্ধারকৃত চোরাচালান মালামাল জব্দ করে ফেনী জায়লকরস্থ বিজিবি সদর দপ্তরে নেয়া হয়।

ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোশারফ হোসেন বলেন, বিজিবি বর্তমানে নির্বাচন ডিউটিতে মোতায়েন থেকেও একই সাথে সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এছাড়া চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর নীতি অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত