আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রবাসীদের ২ হাজার ১৯৫টি পোস্টাল ব্যালট জেলায় পৌঁছেছে। এসব পোস্টাল ব্যালটের খাম স্ক্যান করে নির্ধারিত আসনের ব্যালট বাক্সে রাখা হয়েছে।
মঙ্গলবার পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পৌঁছে।
নির্বাচন কমিশন ওয়েবসাইটের পোস্টাল ভোট (বিডি) সংক্রান্ত তথ্য অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া জেলায় নথিভুক্ত এসব ভোটারের মধ্যে এখন পর্যন্ত (৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটা) প্রায় ১৯ হাজার ৯৩৭ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এর মধ্যে বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য চালু থাকা আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ১৭ হাজার ৯৩৬ জন, আর দেশের ভেতরে দায়িত্বপ্রাপ্ত ভোটারদের জন্য প্রযোজ্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) ব্যবস্থায় ভোট দিয়েছেন ২ হাজার ১ জন।
রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, সোমবার দেশের ভেতরের পোস্টাল ব্যালট পেয়েছি ৬৮টি। মঙ্গলবার দেশের বাইরের পোস্টাল ব্যালট পেয়েছি ২ হাজার ১৯৫টি। চারটি স্ক্যানার মেশিন দিয়ে প্রথমে খামটি স্ক্যান করে পোলিং এজেন্টদের উপস্থিতিতে নির্দিষ্ট বাক্সে রাখা হয়েছে। ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে চারটায় ছয়টি সংসদীয় আসনের জন্য নির্ধারিত প্রিজাইডিং কর্মকর্তা বাক্সগুলো খুলে গণনা শুরু করবেন। আমাদের কাজ হচ্ছে খাম স্ক্যান করে বাক্সে রাখা।
পোস্টাল ব্যালটের ব্রাহ্মণবাড়িয়ার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. এহসান মুরাদ বলেন, গতকাল মঙ্গলবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ২ হাজার ১৯৫টি পোস্টাল ব্যালট পৌঁছেছে। এরমধ্যে ২ হাজার ১০৩টি সার্ভারে এন্ট্রি দেয়া হয়েছে। বাকিগুলো লাইভ সার্ভারে আপডেট হচ্ছে।
