প্রতিহিংসার রাজনীতি নয়, উন্নয়ন ও ঐক্যের বাংলাদেশ চাই: হাবিব

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৪ পিএম

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে কোনও প্রতিহিংসা থাকবে না এবং রাজনৈতিক প্রতিহিংসার বদলে সবাই ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করবে।

তিনি বলেন, ঢাকা-৯ একটি নির্যাতিত, নিপীড়িত ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এলাকা। এই এলাকার মানুষের গ্যাস সংকট, জলাবদ্ধতা, রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা ও শিক্ষা–সংক্রান্ত নানা সমস্যা রয়েছে। আগামী দিনে এই এলাকার উন্নয়নে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানী মুগদা থানার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের উদ্যোগে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, আমি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এর আগে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম। পাশাপাশি ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছি। বৃহত্তর সবুজবাগ থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছি।

হাবিব বলেন, রাজনৈতিক জীবনে আমাকে শতাধিক মিথ্যা মামলার আসামি হতে হয়েছে। সাতবার কারাগারে যেতে হয়েছে, আট বছর সাজা ভোগ করতে হয়েছে এবং ৮৬ দিন ডিবির রিমান্ডে থাকতে হয়েছে। দুইবার হত্যার চেষ্টা করা হয়েছে এবং চারটি গুলির আঘাত পেয়েছি। এসব অভিজ্ঞতার পরও প্রতিহিংসার রাজনীতি করতে চাই না বলে জানান তিনি।

নিজেকে এলাকার সন্তান উল্লেখ করে হাবিব বলেন, ৫৪ বছর ধরে এই এলাকায় বেড়ে উঠেছি এবং ৩৮ বছর ধরে রাজনীতি করছি। ভবিষ্যতেও এই এলাকাতেই থাকব। এলাকার মানুষের সমস্যাগুলোকে নিজের সমস্যা হিসেবে দেখি।

হাবিব আরও বলেন, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে না। ঢাকা-৯ এলাকার মানুষ নিরাপদ ও ঐক্যবদ্ধ থাকুক এবং সবাই মিলেই এলাকার উন্নয়নে কাজ করুক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত