শিল্প প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপের মার্কস অ্যাকটিভ স্কুলের উদ্যোগ এবং ১০ মিনিট স্কুলের সহযোগিতায় আয়োজিত ‘মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি বিভাগের চ্যাম্পিয়নকে চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি ১ লাখ ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। প্রথম রানারআপরা ট্রফির সঙ্গে ১ লাখ টাকা এবং দ্বিতীয় রানারআপরা ট্রফির সঙ্গে ৫০ হাজার টাকা শিক্ষাবৃত্তি লাভ করে। এ ছাড়া প্রতিটি বিভাগে চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী শিক্ষার্থীদের পদক ও ২৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। মার্কস অ্যাকটিভ স্কুল জিনিয়াস প্রতিযোগিতার মাধ্যমে দেশসেরা শিক্ষার্থীদের সর্বমোট প্রায় ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করে আবুল খায়ের গ্রুপ।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে অনলাইনে শুরু হওয়া এ প্রতিযোগিতায় অংশ নেয় লক্ষাধিক শিক্ষার্থী। প্রতিযোগিতার বিভিন্ন ধাপ অতিক্রম করে তিনটি বিভাগ জুনিয়র (পঞ্চম–ষষ্ঠ শ্রেণি), ইন্টারমিডিয়েট (সপ্তম–অষ্টম শ্রেণি) এবং সিনিয়র (নবম–দশম শ্রেণি) থেকে ১৫০ জন শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণের সুযোগ পায়।
জুনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ঢাকার বিএএফ শাহীন কলেজের সাদাত শরাফাত হোসাইন চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের বায়েজিদ ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করে সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মো. নবীহ হোসাইন।
ইন্টারমিডিয়েট বিভাগে প্রথম স্থান অর্জন করে মাইলস্টোন কলেজের তিতাস চৌধুরী, দ্বিতীয় স্থান অর্জন করে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের মাহির দাইয়ান এবং তৃতীয় স্থান অর্জন করে রংপুর জিলা স্কুলের জাওয়াদ চৌধুরী।
সিনিয়র বিভাগে প্রথম স্থান অর্জন করে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের আম্মার ইবনু শামীম, দ্বিতীয় স্থান অর্জন করে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের মো. রিদওয়ানুল ইসলাম রিয়াদ এবং তৃতীয় স্থান অর্জন করে গভর্নমেন্ট সায়েন্স হাই স্কুলের আসিফ মাহমুদ।
