আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে কোনো প্রার্থী বা রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ছবি তোলা এবং তাদের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা গ্রহণ থেকে বিরত থাকার নির্দেশ অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিআইডির জেলাপর্যায়ের সব ইউনিট অনলাইনে যুক্ত ছিলেন।
নির্বাচনে সিআইডির মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘নির্বাচনী দায়িত্ব সিআইডিসহ সমগ্র পুলিশ সদস্যদের জন্য একটি পবিত্র আমানত। এই দায়িত্ব পালনে নিরপেক্ষতা, সততা ও পেশাদারিত্ব অক্ষুণœ রাখা আমাদের নৈতিক দায়িত্ব।’
তিনি আরও বলেন, মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে যাওয়া সিআইডির সদস্যদের পুলিশ সদর দপ্তর ইতিমধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়ে বিশেষ নির্বাচনী প্রশিক্ষণ দিয়েছে। এ ছাড়া নির্বাচনী এলাকায় স্থানীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্বাচন প্রাক্কালে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্রিফিং দেবেন। সবাইকে নির্বাচন-সংক্রান্তে নিয়োজিত বিভিন্ন বাহিনী ও প্রতিষ্ঠানের সঙ্গে সুসমন্বয় করে দায়িত্ব পালন করতে হবে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত হয়।
সিআইডিপ্রধান ছিবগাত উল্লাহ বলেন, নির্বাচনকালীন সময়ে নিজের খাবারসহ অন্যান্য ব্যক্তিগত প্রয়োজনীয়তার ব্যবস্থা নিজেকেই করতে হবে।
